রূপাঞ্জনা দত্ত, লন্ডন: আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সেই উপলক্ষ্যে আগামী ২৩-২৪ জুলাই ব্রিটেন সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে থাকাকালীন অর্থনীতি, প্রতিরক্ষা সহ একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। খতিয়ে দেখবেন কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অগ্রগতি। সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। এই আবহে মোদির ব্রিটেন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বাকিংহামশায়ারের চেকার্সে বৈঠক করবেন মোদি-স্টারমার। ষোড়শ শতকের এই প্রাসাদোপম বাড়িটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘কান্ট্রি রেসিডেন্স’। স্টারমারের পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করতে পারেন মোদি। একান্ত আলোচনায় বসতে পারেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীদের সঙ্গেও। চলতি বছরের দীপাবলির আগে ভারত সফরে আসবেন স্টারমারও।



