নয়াদিল্লি: বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছতে গেলে দেশের যুব সমাজকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এর জন্য সব ধরনের মাদক থেকে দূরে থাকা প্রয়োজন। রবিবার এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ‘বিকশিত ভারত সংকল্প অভিযান’এর অধীনে ‘নেশা মুক্ত যুব’ অভিযানের সূচনা করেন তিনি। যুব সমাজের (জেন-জি) সদস্যদের উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এই বিশেষ প্রকল্প চালু করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই অভিযান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করবে। একইসঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে নেতৃত্ব দিতে উৎসাহ দেবে। সূত্রের খবর, মূলত যুব সমাজকে মাদকমুক্ত করতেই ১০০ সপ্তাহের এই ‘জন ভাগিদারী’ কর্মসূচি চালু করা হয়েছে। এর জন্য প্রতি রবিবার খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, অঙ্কন প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি নেওয়া হবে।



