নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দশমাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। রাজ্য দখলের লড়াইয়ের আগে শেষ ২১ জুলাই তৃণমূলের শক্তিপ্রদর্শনের সেরা মঞ্চ। শহিদ দিবস ঘিরে এখনও থেকেই চূড়ান্ত রাজনৈতিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। এই আবহে ধর্মতলায় জোড়াফুল শিবিরের মেগা ইভেন্টের প্রাক্কালে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ জুলাই দুর্গাপুরে জনসভা করতে পারেন মোদি। ওইদিন তাঁর বিহারে ভোট প্রচারে একাধিক কর্মসূচিতে হাজির থাকার কথা। যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে তিনি জনসভা করতে পারেন বলে বিজেপি সূত্রের দাবি। ২ জুলাই শমীক ভট্টাচার্য বিজেপি সভাপতি হওয়ার পর প্রথমবার বাংলায় আসছেন মোদি। নয়া প্রদেশ সভাপতির নেতৃত্বে আগামী বিধানসভা ভোটে লড়বে রাজ্যের প্রধান বিরোধী দল। সেক্ষেত্রে শাসক দলের সর্ববৃহৎ রাজনৈতিক কর্মসূচির দু’দিন আগে দক্ষিণবঙ্গে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



