প্রাথমিক শিক্ষকদের বদলির নির্দেশ স্থগিত, শিক্ষামহল খুশি
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলে অস্থায়ী ভিত্তিতে বদলি হওয়া শিক্ষকদের ২০ নভেম্বরের মধ্যে নিজের বিদ্যালয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পর সেই নির্দেশ স্থগিত করল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের জেরে খুশির হাওয়া শিক্ষক মহলে। মঙ্গলবার নতুন নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

মুর্শিদাবাদ জেলার প্রাথমিক স্কুলগুলিতে অস্থায়ীভাবে বদলি হওয়া শিক্ষকদের নিজের নিজের মূল বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ জারির পর থেকেই জেলাজুড়ে শিক্ষক মহলে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, গত ৪ নভেম্বর মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে একটি কড়া নির্দেশিকা জারি  হয়েছিল। বিভিন্ন সার্কেলের স্কুল সাব-ইন্সপেক্টররা প্রাথমিক শিক্ষকদের অন্য স্কুলে অস্থায়ীভাবে বদলি করেছিল। পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে সংশ্লিষ্ট সব শিক্ষকদের আগামী ২০ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে তাঁদের বদলি হওয়া নিজ নিজ স্কুলে যোগদান করতে হবে। সেই নির্দেশ অমান্য করে মূল স্কুলে যোগ না দিলে সংশ্লিষ্ট শিক্ষকের নভেম্বর মাসের বেতন বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। 
তবে এই নির্দেশিকা জারির পর থেকেই জেলাজুড়ে শিক্ষক ও শিক্ষা মহলে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে এই নির্দেশ কার্যকর করা বা স্থগিত রাখা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়। শিক্ষক সংগঠনগুলির ভূমিকা এবং পর্ষদের পরবর্তী নির্দেশনার দিকে এখন তাকিয়ে ছিল তামাম জেলা। এবার পুনরায় বদলি স্থগিত হওয়ায় খুশি শিক্ষকরা।