সংবাদদাতা, উলুবেড়িয়া: স্কুলের দেওয়ালে কোথাও আঁকা রামধনু, কোথাও সৌরজগৎ, কোথাও আবার পরিবেশ বাঁচানোর বার্তা। শ্যামপুর দক্ষিণ সার্কেলের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের স্মার্ট ক্লাস রুমকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসবের আগে নবরূপে সজ্জিত স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন অবর বিদ্যালয় পরিদর্শক টুম্পা দত্ত পাল। পরস্পরকে রাখি পরানোর পাশাপাশি মিষ্টিমুখেরও আয়োজন ছিল ওইদিন। রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে ১০৫ জন। এলাকার বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের সঙ্গে পাল্লা দিতেই এই প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম। ছাত্রছাত্রীদের প্রতি নজর রাখতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। স্কুলের প্রধান শিক্ষক সৌরদীপ জানা বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এটিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। এদিকে, স্মার্ট ক্লাসরুমকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলায় খুশি অভিভাবকরা। তাঁদের মতে, এতে পড়ুয়াদের স্কুলে আসার প্রবণতা বাড়বে।



