সংবাদদাতা, লালবাগ: ভাতা প্রাপকদের তালিকায় আরও নাম সংযোজনের আর্জি নিয়ে মঙ্গলবার মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করলেন পুরোহিত সংগঠনের সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি পুরোহিতদের ওই বিষয়ে আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক পুরোহিত সংগঠনের মোট সদস্য সংখ্যা ৫২০ জন। এদের মধ্যে ১৩৬ জন পুরোহিত সরকারি ভাতা পান। বাকি ৩৮৪ জনকে ভাতা প্রাপকদের তালিকায় অন্তর্ভুক্ত করার আর্জি নিয়েই এদিন পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করেন তাঁরা। মুর্শিদাবাদ জেলা পুরোহিত সংগঠন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ১৩৬ জন পুরোহিতের মাসিক এক হাজার টাকা ভাতা চালু হয়। গত বছর আগস্ট মাসে ভাতা বেড়ে হয় দেড় হাজার টাকা। সংগঠনের মধ্যে অনেক দুঃস্থ পুরোহিত আছেন যারা ভাতার আওতায় আসেননি। ভাতার আওতায় এলে তাঁরা উপকৃত হবেন। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।



