সংবাদদাতা, পুরুলিয়া: দুর্নীতি আটকানো শুধু সরকারের দায়িত্ব নয়। দলের কর্মীদেরও দায়িত্ব নিতে হবে। কোথাও কোনো নেতার বিচ্যুতি হলে জানান। সরকারের কোনো বিচ্যুতি হয়েছে মনে হলে সমালোচনা করুন। বৃহস্পতিবার পুরুলিয়ার ট্যাক্সিস্ট্যান্ডের বিজয়া সম্মিলনির প্রকাশ্য সভা থেকে দলের নেতা-কর্মীদের এমনই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেন, কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে চাইছে। গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের বলছে, ১০০ টাকা দিন, ২০০ টাকা দিন, শিল্পীভাতা করে দেব। প্রত্যেকে যেন শিল্পী হয়ে উঠেছে। দুর্নীতি আটকানো শুধু সরকারের দায়িত্ব নয়, আপনাদেরও দায়িত্ব নিতে হবে।
শমীকবাবু এদিনের সভায় বলেন, এখন আচমকা কয়েকজন বিজেপি হয়েছে। কিন্তু, তারা যেন মায়ের পেট থেকেই শুনে এসেছিল, বিজেপি আসছে। এমন ভাব দেখাচ্ছে, তাদের বাবা যেন মাকে সন্তান পেটে থাকার সময়ই বলে দিয়েছিল, ২০২৬ সালে বিজেপি আসবে। তাই বিজেপির নামতা মুখস্থ করে রাখতে হবে। যারা এতদিন তৃণমূলের অমৃতরস পান করে বিজেপির দিকে আসছে, তাদের কাউকে পাথর মেরে বের করে দিতে বলছি না। কিন্তু, যারা আসছে তারা যদি ভাবে দলটাকে রাতারাতি পরিবর্তন করে দেবে, তা হবে না।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, কোনো ব্যবসায়ী যদি ভাবেন নবান্নে সেটিং হয়ে যাবে। বড়ো অফিসার বাঁচিয়ে দেবেন, তা হবে না। ডিএম, এসডিও, বিডিওদেরও অপসংস্কৃতি বদলাতে হবে। কারণ কারও দয়ায় বিজেপি ক্ষমতায় আসেনি। বিজেপি ক্ষমতায় এসেছে নিজের শক্তিতে।
এদিন নির্বাচন কমিশনের প্রশংসা করে শমীকবাবু বলেন, জ্ঞানেশ কুমারজির তো হনুমানজির পরেই পুজো হচ্ছে। উনি ছিলেন বলেই রাজ্যটা বেঁচে গেল। ভোটার তালিকায় আটজন ধৃতরাষ্ট্র ছিল। যারা ১০০ সন্তানের বাবা। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শমীকবাবু বলেন, তৃণমূলের এখন চাল, চুলো, বর্ণ কিছুই নেই। ওদের প্রতীক নিয়ে এমন অবস্থা যে বাবা যেন বলছে ছেলে তুমি কার? চিৎপুরে আগামী দিনে যাত্রাপালা আসবে, প্রতীক তুমি কার? প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি রয়েল বেঙ্গল টাইগার। তো তিনি টাইগার হলে দিল্লিতে ছারপোকাদের কাছে যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরা বলতে পারেন এসআইআর করে ভোট চুরি করে বিজেপির এমএলএ, এমপিরা জিতেছেন। কিন্তু, এটা বাংলার মানুষ মেনে নেবে না। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেও কোনো লাভ হবে না। কারণ, কংগ্রেস বারবার বাংলা এবং বাঙালিদের সঙ্গে প্রতারণা করেছে। সেটা সুভাষচন্দ্র বসু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও। প্রণববাবুকে কালিমালিপ্ত করছে তারই দলের সোনিয়াজি। সিপিএমকে আক্রমণ করে বলেন, বিকাশবাবু এখন মৃত তৃণমূলের মুখপাত্র হয়েছেন।
এদিনের সভায় পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাত বলেন, কেউ উৎপাত করলে হিসাব হবে। সেই সঙ্গে পুরুলিয়ার প্রাক্তন এসপিকে কটাক্ষ করে বলেন, যিনি পুরুলিয়ায় উর্দি পরে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন, তিনি এখন কোথায়? প্রতিটি থানা থেকে কালেকশন, অফিস থেকে চেয়ার টেবিলও নিয়ে গিয়েছেন। আদালতে নিয়ে এসে আপনারও বিচার হবে।
পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে বিজয়া সম্মিলনিতে বিজেপির রাজ্যে সভাপতি শমীক ভট্টাচার্য। -নিজস্ব চিত্র



