Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোটেল মালিকের উপর তোলার চাপ? এসপিকে তদন্তের নির্দেশ

হোটেল মালিকের উপর তোলার চাপ? এসপিকে তদন্তের নির্দেশ
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনায় মৌসুনি দ্বীপের হোটেল মালিকের থেকে তোলা আদায়ের অভিযোগে দায়ের হয় মামলা। তা নিয়ে পুলিস সুপারকে (এসপি) তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। অভিযোগ, এক দল যুবক মোটা অঙ্কের তোলা চায়। হোটেল মালিক তা দিতে অস্বীকার করায় হোটেল কর্তৃপক্ষকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের হয় হাইকোর্টে। হোটেল কর্তৃপক্ষের তরফে আইনজীবী দাবি করেন, এই হোটেল মালিক পুলিসের কাছে তোলাবাজির অভিযোগ করায় তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলার পুলিস-প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। উল্টে, তোলাবাজরা তাঁর নামে মিথ্যে অভিযোগ এনেছে এবং তারই ভিত্তিতে এফআইআর দায়েরসহ তদন্ত শুরু করেছে পুলিস! অভিযোগ, পুলিস অতিসক্রিয় হয়ে এফআইআর করলেও কোনও প্রমাণ দিতে পারেনি। হোটেল মালিকের দাবি, তিনি তোলাবাজির ভিডিও ফুটেজ, সাক্ষ্য-প্রমাণ দিলেও পুলিস তদন্ত করেনি। মামলায় আপাতত সুন্দরবন পুলিস জেলার সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার এই ঘটনায় আট সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ