নয়াদিল্লি: গত লোকসভা ভোটে বিজেপির টিকিটে মুম্বই থেকে প্রার্থী হলেও ভাগ্যে শিকে ছেঁড়েনি। মুম্বই নর্থ সেন্ট্রাল আসনে পরাজিত হন কংগ্রেস প্রার্থীর কাছে। এবার রাষ্ট্রপতির মনোনীত হিসেবে রাজ্যসভায় পা রাখতে চলেছেন উজ্জ্বল নিকম। বর্ষীয়ান আইনজীবী নিকম ২৬/১১ মুম্বই হামলার বিশেষ সরকারি আইনজীবী ছিলেন। সে সময় সংবাদ মাধ্যমে নিয়মিত তাঁর মুখ দেখা যেত। কাসভকে ফাঁসিতে ঝোলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন তিনি। মারাঠিভাষী এমন একজনকে রাজ্যসভায় মনোনয়নকে মারাঠা ভূমে চলতি ভাষা বিতর্কে প্রলেপ দেওয়ার মোদী সরকারের চেষ্টা করল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
এছাড়াও সংসদের উচ্চকক্ষের জন্য যে চারজনকে রাষ্ট্রপতি মনোনীত করেছেন তাঁদের মধ্যে আছেন প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রাক্তন এই আমলা। অবসরের পরেও নানা ক্ষেত্রে তাঁর উপরে আস্থা রাখতে দেখা গিয়েছে সরকারকে। কোভিড, বাংলাদেশে হাসিনা বিরোধী বিক্ষোভ, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানো সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শ্রিংলা। ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনের সময় মুখ্য সমন্বয়ক ছিলেন তিনি।
এই দু’জন এছাড়াও কেরলের বিজেপি নেতা সি সদানন্দন মাস্টার এবং দিল্লির ইতিহাসবিদ মীনাক্ষী জৈন রাষ্ট্রপতির মনোনীত হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন। নিয়ম অনুযায়ী, সমাজেরর বিভিন্ন ক্ষেত্রের মোট ১২ বিশিষ্ট ব্যক্তিকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। সম্প্রতি চারটি আসন খালি হয়েছিল। এবার যে চারজনকে মনোনীত করা হয়েছে তাঁরা প্রত্যেকেই গেরুয়া শিবির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।