• জ্ঞানমঞ্চে সম্প্রতি হাওড়া শিবপুরের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ‘আবেগ’-এর অষ্টম বার্ষিক অনুষ্ঠান হল। প্রায় ৮০জন বাচিক শিল্পী তাঁদের কবিতার ঝুলি থেকে পরিবেশন করেন নানা স্বাদের কবিতা। কবি অজিত দত্তের ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর ‘ইচ্ছে’, ‘মানুষ দেবতা হবে’, ‘শারদীয়া’র মতো কবিতা শুনতে চমৎকার লাগে। দুই বাংলার কবিদের অঞ্জলি দেওয়া হয় ‘সহজ পাঠ’, ‘মননে নজরুল’ প্রভৃতি কবিতায়। এই সংস্থায় আবৃত্তির সঙ্গে নানা শিল্পের সংযোগ স্থাপন করা হয়। অনুষ্ঠান মঞ্চে কবিতার সঙ্গে তাই নাচ, গান ও ছবি আঁকাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। ‘দেবতা’ কবিতাটি নাচ ও গানের যুগলবন্দিতে পরিবেশিত হয়। কবিতায় তিস্তা দে, গানে ঈশিতা সাহা ও নৃত্যে ছিলেন অনিন্দ্য রায়। সুশান্ত অধিকারী একক পরিবেশনা ছিল ‘প্রথম পূজা’।



