সংবাদদাতা, খড়্গপুর: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হতে চলেছে এমআরআই, সিটি স্ক্যান ও ইউএসজি পরিষেবা। সব পরিকল্পনা মাফিক চললে চলতি মাসে থেকেই সাধারণ মানুষ স্বল্প খরচে এখানে পরিষেবাগুলি পাবেন। এছাড়া ভবিষ্যতে এখানে ডাক্তারিও পড়ানো হবে। সেই সংক্রান্ত প্রাথমিক অনুমোদন মিলেছে রাজ্যের থেকে। শুক্রবার এমনই জানিয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী।
আগামীকাল, শনিবার খড়্গপুর আইআইটির ৭২তম সমাবর্তন উৎসব। তার আগের দিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সুমনবাবু। তিনি বলেন, ‘বছর দশেক আগে খড়্গপুর শহরের সুপ্রাচীন রেলওয়ে মেন হাসপাতালের সঙ্গে আইআইটির একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। এবার তা আরও কার্যকরী রূপ পেতে চলেছে। এছাড়াও, চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনের জন্য খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে চালু করা হচ্ছে বিসি রায় মেডিকেল স্কুল।’
তিনি আরও বলেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। একমাত্র আমাদের আইআইটি-তে মেডিকেল পরিকাঠামো এতো উন্নত। সেই পরিকাঠামোকে আমরা জনগণের সেবায় লাগাতে চাইছি। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনকেও সমৃদ্ধ করতে চাইছি।’
জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির সঙ্গে সরাসরি ২০ জন মেডিক্যাল ফ্যাকাল্টি যুক্ত আছেন। তাঁরা খড়্গপুর শহরের রেলওয়ে মেন হাসপাতালে বিভিন্নভাবে পরিষেবা দেবেন। পাশাপাশি রেলের এই হাসপাতালকে প্রযুক্তিগত ও গবেষণা সংক্রান্ত পরিষেবা দিয়েও সাহায্য করবে আইআইটি।