কালীপ্রতিমা বিসর্জনের প্রস্তুতি তুঙ্গে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: রাত পোহালেই বৃহস্পতিবার সোনামুখী শহরে কালীপ্রতিমার বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা বেরবে। তাকে কেন্দ্র করে সোনামুখীতে উন্মাদনা তুঙ্গে উঠেছে। প্রতিবছর শোভাযাত্রা দেখতে সোনামুখী শহরে জনজোয়ারের সৃষ্টি হয়। তাই এবারও শান্তিপূর্ণ শোভাযাত্রা সম্পূর্ণ করতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সমম্বয় বৈঠক করা হয়েছে। 
সোনামুখী পুরসভার এক আধিকারিক বলেন, শহরে কালীপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রা খুবই জাঁকজমকপূর্ণ ভাবে হয়। শহর ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন তা দেখতে আসেন। সেজন্য  শহরের প্রধান রাস্তাগুলিতে জনজোয়ারের সৃষ্টি হয়। অধিক ভিড় সামলাতে পুলিস ও প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিমা নিরঞ্জনের পর যাতে জলাশয় থেকে দ্রুত কাঠামো তুলে ফেলা হয় সেব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগা বলেন, সোনামুখীতে কালীপুজোর শোভাযাত্রার জন্য প্রচুর সংখ্যক পুলিস মোতায়েন করা হবে।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর বিসর্জনের শোভাযাত্রার দিন বিকাল থেকেই পাড়ায় পাড়ায় উৎসব শুরু হয়ে যায়। সন্ধ্যার পর কালীপ্রতিমা গাড়িতে চাপিয়ে উদ্যোক্তারা হরেক বাদ্যযন্ত্র আর আলোর প্রতিযোগিতায় নামেন। রথতলা থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তায় পর পর বিসর্জনের শোভাযাত্রা অতিক্রম করে। মোট ২১টি প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শেষ হতে রাত গড়িয়ে ভোর হয়। সোনামুখী শহর ছাড়াও পার্শ্ববর্তী আমচুড়া, পাঁচাল, বলরামপুর, পাথরমোড়া, মহেশপুর, রামপুর, ধুলাই, নফরডাঙা প্রভৃতি গ্রামের বাসিন্দারা শোভাযাত্রা দেখতে আসেন। সন্ধ্যার পর প্রচুর মানুষের সমাগম হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য শহরের চৌরাস্তায় প্রতিটি পুজো কমিটিকে শোভাযাত্রার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রথমে বড়ো কালী যাওয়ার পর পর্যায়ক্রমে বাকি ২০টি প্রতিমা শোভাযাত্রা সহকারে যাবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিস মোতায়েন থাকবে।
পুজো উদ্যোক্তারা বলেন, বৃহস্পতিবার বিকালে শোভাযাত্রা আরম্ভ হলেও সারারাত ধরে তা চলবে। শুক্রবার সকালে দশেরপুকুর, কেওটপুকুর, কুলুপুকুর, শালি নদী, পাটারপুকুর, রানিরবাঁধ, সায়েরপুকুর প্রভৃতি জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করা হবে। 

Advertisement