Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’দিন ধরে প্রাক্তনীদের সমাবেশ নিয়ে প্রস্তুতি বিশ্বভারতীতে

বিশ্বভারতীর প্রাক্তনীদের নিয়ে দু’দিনের বিশেষ সভা ‘সমন্বয়’ ঘিরে শান্তিনিকেতনে প্রস্তুতি চলছে জোরকদমে।

দু’দিন ধরে প্রাক্তনীদের সমাবেশ নিয়ে প্রস্তুতি বিশ্বভারতীতে
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর প্রাক্তনীদের নিয়ে দু’দিনের বিশেষ সভা ‘সমন্বয়’ ঘিরে শান্তিনিকেতনে প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ২৯ ও ৩০ আগস্ট বাংলাদেশ ভবনে হবে এই প্রাক্তনী সমাবেশ। তার আগে ২৮ আগস্ট সন্ধ্যা থেকেই শুরু হবে অনুষ্ঠান। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একশোর বেশি প্রাক্তনী এই সমাবেশে যোগ দেবেন বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, প্রাক্তনীদের সঙ্গে বিশ্বভারতীর সম্পর্ক আরও দৃঢ় করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের এক মঞ্চে আনার চেষ্টা হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

প্রাক্তনীদের স্বাগত জানাতে ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি চলছে। কলাভবনের পড়ুয়ারা হাতে তৈরি করছেন অনুষ্ঠানের গেট। তাঁদের আঁকা ছবি দিয়ে সাজানো হচ্ছে বিভিন্ন জায়গা। প্রাক্তনীদের হাতে তুলে দেওয়া হবে কলা ভবনের ছাত্র-ছাত্রীদের তৈরি নানান ধরনের উপহার।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বহু প্রাক্তনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু প্রাক্তনীরও সমাবেশে উপস্থিত থাকার কথা। নীতি আয়োগের সদস্য অধ্যাপক গোবর্ধন দাসও প্রাক্তনী হিসেবে অনুষ্ঠানে থাকবেন। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগে অবশ্য বছরের বিভিন্ন সময়ে প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন হয়। তবে এবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন বিভাগের প্রাক্তনীদের এক মঞ্চে আনার চেষ্টা হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে। সেখানে প্রায় এক হাজার প্রাক্তনীকে যুক্ত করার ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
দু’দিনের অনুষ্ঠানে বিশ্বভারতীর বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তনীদের সাফল্য ও অবদানের কথা তুলে ধরা হবে। পাশাপাশি আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁদের কী ভাবে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত রাখা যায়, তা নিয়ে আলোচনা হবে। প্রাক্তনীদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন তৈরির পরিকল্পনাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁদের সহযোগিতা কী ভাবে নেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় হবে।
প্রাক্তনী ও বর্তমান পড়ুয়াদের মধ্যে যোগাযোগ বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। তাঁদের অভিজ্ঞতা ও সাফল্য বর্তমান পড়ুয়াদের সামনে তুলে ধরার পাশাপাশি বিশ্বভারতীর সঙ্গে প্রাক্তনীদের দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ