নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ভিলেন বৃষ্টি নিয়ে উদ্বেগ বাড়ছে পুজো উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট সব মহলের। পুরুলিয়া, আরামবাগ ও বাঁকুড়ায় বৃষ্টিতে পুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে। সোমবার রাতে তিন জেলাতেই বৃষ্টিপাত হয়েছে। এমনকী, মঙ্গলবারও বিভিন্ন সময়ে বৃষ্টি হয়। তাতেই সমস্যা তৈরি হয়। আর কয়েকদিন পরই পুজো। তার আগে আবহাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। পুরুলিয়ায় মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিপাত হয়। তার জেরে জেলায় পুজোর মণ্ডপ তৈরিতে ব্যাঘাত ঘটে। পুজোর সময়ে বৃষ্টি হলে সমস্যা আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করছেন উদ্যোক্তারা। পুরুলিয়ার নর্থ লেক রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক সুধাংশু মণ্ডল বলেন, মণ্ডপ প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়েছে। কিন্তু এদিন বৃষ্টির জেরে কাজের সমস্যা হয়। পঞ্চমী থেকে মণ্ডপ দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তার আগে মাঝেমাঝে বৃষ্টি হলে কাজ বিঘ্নিত হতে পারে।
সোমবার ভোরে আরামবাগেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। বিভিন্ন রাস্তায় সামান্য জল জমে যায়। এমনকী, কিছু জায়গায় পুজো মণ্ডপের সামনেও জল দাঁড়িয়ে পড়ে। পরে অবশ্য তা নেমে যায়। বৃষ্টির মধ্যে মণ্ডপ প্রস্তুতির কাজে সমস্যায় পড়তে হয়। কৃষিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আরামবাগে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পুরশুড়ায় বৃষ্টি হয় ২৫.৬ মিলিমিটার।
এক পুজো মণ্ডপ শ্রমিক চন্দন বারুই বিদ্যুতের কাজ করছেন আরামবাগের একটি মণ্ডপে। তিনি বলেন, বৃষ্টির জন্য এদিন সকালে কাজ করতে সমস্যায় পড়েছি। এরফলে প্রস্তুতির কাজে দেরি হচ্ছে। খানাকুলে এক থিম মেকার দেবরাজ পাল বলেন, বৃষ্টির জন্য মণ্ডপের ভেতরে কাজ করতে হচ্ছে। বাইরে ভিজে কাজ করা সম্ভব নয়।
সোমবার রাত থেকেই বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিন সকালে বাঁকুড়া শহর সহ জেলার প্রায় সব ব্লক এলাকাতেই কমবেশি বৃষ্টি হয়। দুপুরেও অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। ফলে পুজোর প্রস্তুতি মার খেয়েছে। বৃষ্টির জেরে মণ্ডপ শিল্পীরা কাজ করতে পারেননি। ত্রিপল ঢাকা দিয়ে কিছু জায়গায় ছোটখাটো কাজ হয়েছে। তবে বেশিরভাগ পুজো মণ্ডপ খোলা আকাশের নীচে হওয়ায় ওই চত্বরে জল জমে গিয়েছে। মাটি নরম হওয়ায় বাঁশের কাঠামো বসে যাচ্ছে। ফলে শিল্পীরা কাঠামোর উপর চাপার ঝুঁকি নিতে চাইছেন না। বৃষ্টি বিঘ্নিত দিনে প্রতিমা শিল্পীরাও বিপাকে পড়েন। মৃৎশিল্পীরা বেশিরভাগ প্রতিমায় রঙের প্রলেপ দিচ্ছেন। কিছু জায়গায় অবশ্য প্রতিমায় সাজ পরানো চলছে। সেক্ষেত্রে সমস্যা না হলেও রং করা প্রতিমা শুকোতে চাইছে না। বাঁকুড়ার পুয়াবাগান সর্বজনীনের বিদেশ পাত্র বলেন, শুক্রবার আমাদের পুজোর উদ্বোধন। তার আগে মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে। মণ্ডপ সাজানোর কাজ পণ্ড হয়েছে। -নিজস্ব চিত্র