সংবাদদাতা, বহরমপুর: একুশে জুলাইয়ের শহিদ স্মরণের দিন যত এগিয়ে আসছে, বেলডাঙা-১ দক্ষিণ ব্লকে উন্মাদনার পারদ তত চড়ছে। প্রস্তুতি সভায় ব্লক থেকে শুরু করে অঞ্চল ও বুথস্তরের প্রতিনিধিদের ব্যস্ততাও বাড়ছে। দক্ষিণ সাংগঠনিক ব্লকের ছ’টি গ্রাম পঞ্চায়েত এলাকা দেওয়াল লিখনে ছেয়ে গিয়েছে। চারিদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স ঝুলছে। এখন রোজ অঞ্চল ভিত্তিক দু’টি বা তার বেশি পথসভার কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটি পথসভায় সমর্থকদের নজরকাড়া উপস্থিতি ব্লক নেতৃত্বদের উজ্জীবিত করছে। বেলডাঙা-১ দক্ষিণ সাংগঠনিক ব্লক সভাপতি আবু সইদ বলেন, গতবছর যে লোকসংখ্যা ধর্মতলার শহিদ স্মরণে অনুষ্ঠানে হাজির হয়েছিল এবার তার থেকে অনেক বেশি সমর্থক যাবে। সমর্থকদের যাওয়ার জন্য বাস ও ছোট গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। বহু মানুষ ট্রেনে যাচ্ছে।
বেলডাঙা-১ দক্ষিণ ব্লকের অধীনে ছ’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ছ’টি পঞ্চায়েতেই নির্বাচনে জিতে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃণমূল নিজেদের দখলে নিয়েছে। ব্লক সভাপতির দাবি, পঞ্চায়েতগুলিতে উন্নয়নের বাতাবরণ দেখে সমর্থক সংখ্যা হুহু করে বাড়ছে। ব্লক সভাপতি বলেন, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তার ঢাকে কাঠি পড়ে যাবে। ফলে বেশি সংখ্যক সক্রিয় কর্মীদের ধর্মতলায় হাজির করে তাঁদের শানিয়ে নিতে চাই।
একুশে জুলাইয়ের প্রস্তুতিতে দেওয়াল লিখনের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। গ্রামীণ এলাকায় তাকালেই তৃণমূলের ঝাণ্ডা, ব্যানার, ফেস্টুন নজরে আসছে। দলীয় কার্যালয়ে রোজ বৈঠক, আলোচনা সভা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত এলাকায় দু’বেলা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছে। সক্রিয় মহিলা কর্মীদের প্রচারে নামিয়ে বেশি সংখ্যক মহিলা কর্মী-সমর্থকদের একুশের সভায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ব্লক নেতৃত্ব। - নিজস্ব চিত্র