Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে সাজসাজ রব, প্রস্তুত দক্ষিণ দিনাজপুর প্রশাসন

বালুরঘাটে মুখ্যমন্ত্রী আসার খবরে প্রশাসনিক কর্তাদের ব্যস্ততা তুঙ্গে। বালুরঘাট বিমানবন্দর ও জেলা হাসপাতালে সাফাই অভিযান শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর সফর নিয়ে সাজসাজ রব, প্রস্তুত দক্ষিণ দিনাজপুর প্রশাসন
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: বালুরঘাটে মুখ্যমন্ত্রী আসার খবরে প্রশাসনিক কর্তাদের ব্যস্ততা তুঙ্গে। বালুরঘাট বিমানবন্দর ও জেলা হাসপাতালে সাফাই অভিযান শুরু হয়েছে। জঙ্গলাকীর্ণ বিমানবন্দরে যেমন সাফাই কর্মসূচি শুরু হয়েছে পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতালে শুরু হয়েছে স্বচ্ছতা অভিযান। সারা বছর বালুরঘাট জেলা হাসপাতালের আনাচে-কানাচে আবর্জনা ও আগাছায় ভরে থাকলেও মুখ্যমন্ত্রী আসার খবরে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের কোনায় কোনায় শুরু হয়েছে সাফাই। হাসপাতালে প্রবেশের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে রাস্তার পাশে দৃষ্টিকটু অনেক জায়গা ঘিরে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। 

Advertisement

সোমবার দুই জায়গাতে পরিদর্শন করতে যান জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী কোথায় কিভাবে আসবেন, কোথায় বসতে পারেন এমনকি পরিদর্শনের সমস্ত জায়গাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন আধিকারিকরা। 
সোমবার ওই পরিদর্শনের টিমে ছিলেন খোদ জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায়, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ব্যক্তিগত সচিব অজয়কান্তি সরকার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট জেলা হাসপাতালে সুপার অনঘ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
প্রশাসনিক আধিকারিকরা এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বালুরঘাট বিধানসভার বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, মুখ্যমন্ত্রী আসবেন। তাই তার আগে আমরা বালুরঘাট বিমানবন্দর এবং জেলা হাসপাতাল পরিদর্শন করে দেখলাম। সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পরবর্তীতে প্রশাসনিক বৈঠক হবে। আমরা চারজন বিধায়ক উপস্থিত থাকবো। বিরোধী দলের দুইজন বিধায়কের কথা বলতে পারছিনা। 
প্রশাসন সূত্রে খবর, ২ সেপ্টেম্বর বালুরঘাট বিমানবন্দরে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারেন। প্রথমে বিমানবন্দর পরিদর্শন করবেন। এরপর সোজা বালুরঘাট জেলা হাসপাতালে ঢুকবেন। ইতিমধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ করার জন্য প্রস্তাবিত নকশা তৈরি করা হয়েছে। সুপার স্পেশালিটি বিল্ডিং এর একটি কক্ষে বসে সেই নকশা দেখবেন তিনি। সেগুলি খতিয়ে দেখে সোজা জেলা প্রশাসনিক ভবনের বালুছায়াতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে জেলার ছয় জন বিধায়ক কে ডাকা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। দক্ষিণ দিনাজপুর জেলার বহু উন্নয়নমূলক ইস্যু রয়েছে সেই বিষয়গুলি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। মাঝে জেলা পুলিশ সুপার অফিসেও যেতে পারেন তিনি। এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। 
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আসার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্যস্ত প্রশাসনিক কর্তারা। বালুরঘাট বিমানবন্দর, জেলা হাসপাতাল এবং বালুছায়া ভবনে রীতিমতো রং থেকে শুরু করে নানা কাজ জোর কদমে চলছে। রাস্তাতেও বেশ কিছু জায়গায় সংস্কার করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ