নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ির একাংশ জেলা পরিষদের অনুমোদন ছাড়াই নির্মাণ হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই নির্মাণ বেআইনি হিসাবে গণ্য হবে। প্রাথমিক তদন্তে এমনই তথ্য হাতে এসেছে জেলা প্রশাসনের। শুধু জাহাঙ্গির নয়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি বাড়ি বিনা প্ল্যানে দোতলারও বেশি করা হয়েছে বলে জানতে পেরেছে প্রশাসন। জানা গিয়েছে, দুই বাড়ির মালিককে শুনানিতে ডাকা হবে। সেখানে সব নথি পেশ করতে হবে জাহাঙ্গির ও দিলীপ মণ্ডলকে। কিন্তু যেহেতু দু’জনই এখন জেলবন্দি, তাই কীভাবে তাঁদের নোটিস দেওয়া হবে, সে ব্যাপারে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। প্ল্যান অনুমোদন ছাড়াই তৃণমূলের এই দুই নেতার বাড়ি তৈরি হয়েছে বলে অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছে। নিয়ম অনুযায়ী, দ্বিতলের বেশি কোনো বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্ল্যান পাশ করাতে হয় জেলা পরিষদ থেকে। ফলে এই অভিযোগ পাওয়া মাত্রই অনুসন্ধান শুরু করে প্রশাসন। বিভিন্ন রেকর্ড ঘেঁটে দেখা যায়, দু’টি বিল্ডিংয়ের ক্ষেত্রেই কোনো অনুমতি বা প্ল্যান জমা দেওয়া হয়নি। অর্থাৎ, ওই নির্মাণ পুরোপুরি বেআইনি। এই রিপোর্ট জেলাশাসকের কাছে জমা পড়েছে বলে জানা গিয়েছে।এখন প্রশ্ন, তাহলে কি শীঘ্রই বুলডোজার চলবে ওই দুই তৃণমূল নেতার বাড়িতে? এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জেলার একটি সূত্র বলছে, দিলীপ মণ্ডল কিংবা জাহাঙ্গির খানের মতো এমন আরও অনেক নেতার বাড়ি বিনা প্ল্যানেই তৈরি হয়েছে। যখন যেমন অভিযোগ আসছে, সেই অনুযায়ী তদন্ত করছে প্রশাসন।



