নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার পর শীঘ্রই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষাকাল শুরু হয়ে যাবে। আশা করছেন আবহাওয়াবিদরা। সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দু-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও সিকিমের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। রবিবার শুধু হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ ও সিকিমে বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, সম্ভবত উত্তরবঙ্গেই প্রথম বর্ষা আসছে। তবে তার দিনদুয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষাকাল শুরু হবে। আশা করছেন তাঁরা। উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রাক্বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দু-তিন দিনের মধ্যে গোটা উত্তর-পূর্ব ভারতে বর্ষাকাল শুরু হয়ে যাবে। মৌসুমি অক্ষরেখার একটা অংশ বঙ্গোপসাগরের উপর থাকে। পশ্চিমবঙ্গ-ওড়িশা লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর বর্ষা অগ্রসর হচ্ছে।



