Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিদর্শকের সই, সিল জাল করে ব্যাঙ্ক লোনের আবেদন প্রধান শিক্ষিকার

পরিদর্শকের সই, সিল জাল করে ব্যাঙ্ক লোনের আবেদন প্রধান শিক্ষিকার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: ট্যাব কেলেঙ্কারির মাঝেই মানিকচকে আরেক জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য। মানিকচকের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সই ও সিল জাল করে ব্যাঙ্কে লোনের আবেদন করার অভিযোগ তুলে থানায় অভিযোগ করলেন মানিকচক-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল।
Advertisement
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস তদন্ত শুরু করেছে। এবিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষিকাকে বারবার ফোন ও মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি।
অভিযোগ, এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গৃহঋণের জন্য আবেদন করেন শিক্ষিকা। সেই আবেদনপত্রে মানিকচক-১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের সিল ও সই বাধ্যতামূলক ছিল। কিন্তু ঋণের আবেদনপত্রে সই করতে রাজি হননি অবর বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল। তাই তাঁর সিল ও সই জাল করে ব্যাঙ্কে আবেদন জমা দেন প্রধানশিক্ষিকা । 
গত ১৩ নভেম্বর ব্যাঙ্কের কাছ থেকে জালিয়াতির বিষয়টি জানতে পারেন অবর বিদ্যালয় পরিদর্শক। কালবিলম্ব না করে তিনি পরের দিন মানিকচক থানায় অভিযোগ করেন। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা সহ পাঁচটি ধারায় মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সঞ্চয়িতা বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে।
আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন ওই প্রধানশিক্ষিকা। তাঁর বিরুদ্ধে খুদে পড়ুয়াদের পরীক্ষায় বসতে না দিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এই সমস্ত ঘটনার জন্য জেলা প্রশাসনকে কয়েকবার লিখিত অভিযোগ জানানো হলেও অজানা কারণে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ওই শিক্ষিকাকে। এবারে আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন ওই প্রধানশিক্ষিকা।
জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান বাসন্তী বর্মন জানান, এবিষয়ে তিনি কোনও লিখিত অভিযোগ পাননি।
সম্পর্কিত সংবাদ