Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের বিরুদ্ধে উঠল অভিযোগ

প্রধানের বিরুদ্ধে উঠল অভিযোগ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: কাজ নিয়ে গোষ্ঠীকোন্দলে জোরবার ধূপগুড়ির মাগুরমারী-২নং গ্রাম পঞ্চায়েতে। একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে মাঠে‌ নেমেছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এনিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্লকজুড়ে। অভিযোগ, পূর্ব আলতাগ্রাম বুথের পঞ্চায়েত সদস্য আজিফা খাতুনের স্বামী খয়বর রহমান অন্যের কাগজপত্র দিয়ে নিজের বুথে নিজেই কাজ করছেন। এছাড়াও তিনি প্রধানকে হুমকি দিয়ে কাজ নিচ্ছেন বলে অভিযোগ পঞ্চায়েতের এক সদস্যের। এছাড়া একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান সীমা রায়ের বিরুদ্ধে। এনিয়ে দ্রুত তদন্ত করে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন আট জন পঞ্চায়েত সদস্য। যদিও প্রধান সীমা রায় বলেন, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভুয়ো। পঞ্চায়েত সদস্য সুশীলচন্দ্র রায় বলেন, আমাদের গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এনিয়ে বারবার আমারা জেলা এবং ব্লক স্থরে তদন্ত করার আবেদন জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা তো দূরের কথা তদন্তই হয়নি। পঞ্চায়েত সদস্য বিপ্লব রায় বলেন, পঞ্চায়েত সদস্যর স্বামী খয়বর রহমান তাঁর নিজের বুথেই ঠিকাদারি করছেন। শুধু তিনিই নয় বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এই কাজের সঙ্গে যুক্ত। খয়বর রহমান বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। প্রমাণ কেউ দেখাতে পারবে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ