Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে ব্লক প্রশাসন

প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে ব্লক প্রশাসন
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হস্তক্ষেপে ১৪ দিন পর ধর্না তুলে নিল কমলাগাঁও সুজালি অঞ্চল তৃণমূল নেতৃত্ব। তবে তার কয়েক ঘণ্টা পর ইসলামপুরে বিডিও অফিসের সামনে  বিক্ষোভ দেখান সুজালির তৃণমূল নেতা, কর্মী  ও সমর্থকেরা। প্রধান নুরি বেগমের বিরুদ্ধে ওঠা একাধিক অনিয়মের অভিযোগের তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। 
Advertisement
কানাইয়া বলেন,দুপুরে গিয়ে বিক্ষোভকারীদের একাধিক দাবি বিস্তারিত শুনেছি। প্রধানকে সরানোর জোরালো দাবি ছিল। বিষয়টি নিয়ে আলোচনা করব। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে চেষ্টা করব আন্দোলনকারীদের দাবিগুলি যাতে দ্রুত পূরণ হয়।
সুজালি অঞ্চল তৃণমূল সভাপতি আবদুল সাত্তার ও ব্লক কমিটির সহ সভাপতি কামালউদ্দিনের নেতৃত্বে বাইক র‌্যালি করে কর্মী, সমর্থকেরা এদিন বিডিও অফিসে যান। সেখানে দীর্ঘ সময় বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, এর আগেও বিডিওকে প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জানানো হলেও তদন্ত করা হয়নি। সাত্তার বলেন, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রধান অনেকের কাছ থেকে কাটমানি নিয়েছেন। চাপে পড়ে ১৬১ জনকে টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। প্রধান নিজে পঞ্চায়েতে বসে সেই টাকা ফেরত দিয়েছেন। তারপরেও প্রধানের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। 
বিডিও আশ্বাস দিয়েছেন মঙ্গলবার থেকে দপ্তরের একটি দল এলাকায় গিয়ে তদন্ত করবে। তদন্তে প্রধানের অনিয়ম ধরা পড়লে এফআইআর করা হবে। বিডিও দীপান্বিতা বর্মন বলেন, প্রধানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ পেয়েছি, সেগুলির তদন্ত করা হবে। কামালউদ্দিন বলেন, আমরা ধর্না তুললেও যে সমস্ত মহিলাদের কাছ থেকে প্রধান কাটমানি নিয়েছিলেন, তাঁরা আন্দোলন চালিয়ে যেতে পারেন। সেই কর্মসূচির সঙ্গে দলের কোনও যোগ থাকবে না। প্রধান নুরি বেগম এদিন বলেন, আমি চাইছি প্রশাসন তদন্ত করুক। আমি যে দুর্নীতি করিনি, তদন্ত হলেই সেটা পরিষ্কার হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ