Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, স্কুলে ভাঙচুর

প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, স্কুলে ভাঙচুর
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্কুল চলাকালীন এক নাবালিকা পড়ুয়াকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দমদমের একটি সরকারি হিন্দি স্কুলের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার উত্তেজিত অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভে ফেটে পড়েন। শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল, ফ্যান ও বেঞ্চ ভাঙচুর করা হয়। পরে দমদম থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে প্রধান শিক্ষক স্কুলে হাজির ছিলেন না। পুলিস জানিয়েছে, তাঁর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অষ্টম শ্রেণির পড়ুয়া। তার ভাইও ওই স্কুলের ছাত্র। অভিযোগ, সোমবার স্কুল চলাকালীন প্রধান শিক্ষক ছাত্রীকে যৌন হেনস্তা করেন। ঘটনা জানার পর ছাত্রীর ভাই প্রতিবাদ জানায়। তখন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি স্কুলের অন্য শিক্ষকদের জানানো হলেও কেউ পদক্ষেপ করেননি। বাড়ি ফিরে নিগৃহীতা ছাত্রী সমস্ত কিছু জানায়। বিষয়টি জানাজানি হওয়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। দুপুরে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ শুরু করেন। কিন্তু প্রধান শিক্ষক স্কুলে হাজির ছিলেন না। তখন তাঁরা ভাঙচুর শুরু করেন। পুলিস এসে পরিস্থিতি মোকাবিলা করে। অভিভাবকদের দাবি, ওই প্রধান শিক্ষক আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তখন ভুল শিকার করেছিলেন প্রধান শিক্ষক। এবার তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দমদম থানার পুলিস জানিয়েছে, ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। প্রধান শিক্ষকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ