Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার ছুটির দিনে ফরাক্কার ইমামনগর হাইস্কুল থেকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুল থেকে চালের বস্তা পিকআপ ভ্যানে বোঝাই করা হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর। সেই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছুটির দিনে কার মদতে চাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। চাল চুরি করে বিক্রি করার চেষ্টা হচ্ছিল বলে দাবি এলাকাবাসীর। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক ‌ইন্তেখাব আলম। খারাপ চাল ফেরত পাঠানো হচ্ছিল বলে তিনি দাবি করেছেন। যদিও প্রধান শিক্ষকের ওই দাবি মানতে নারাজ এলাকাবাসী। ঘটনার প্রকৃত তদন্তের দাবি তুলেছেন তাঁরা।
Advertisement
ফরাক্কা সার্কেলের স্কুলে এআই মুস্তাফিজুর রহমান বলেন, রবিবার ছুটির দিনে সেখানে আসলে কী হচ্ছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তেমন কিছু ঘটে থাকলে পদক্ষেপ করা হবে।
জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ ফরাক্কা ইমামনগর হাইস্কুলে একটি পিকআপ ভ্যান এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর স্কুলের প্রধান শিক্ষকও এসে হাজির হন। ছুটির দিন হওয়ায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর নজরে আসে প্রধান শিক্ষকের উপস্থিতিতেই স্কুলের চালের বস্তা পিক আপ ভ্যানে লোড করা হচ্ছে। সেই দৃশ্য তাঁরা মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখেন। পরে স্যোশাল মিডিয়ায় তা ভাইরালও হয়েছে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের নজর এড়িয়ে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে এলাকাবাসীর দাবি। স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, অভিযোগ সঠিক নয়। এজেন্সি রবিবারই স্কুলের চাল পাঠিয়েছে সেই চালের মান ভালো না হওয়ায় ফেরত পাঠানো হচ্ছিল। সাধারণত ছুটির দিনে মিড ডে মিলের চাল স্কুলে আসার নিয়ম নেই। তাছাড়া এখনও পর্যন্ত স্কুলে চাল পাঠানোর এজেন্সিকে কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্কুলের চাল সরবরাহকারী মালিক সুশীল চৌধুরী বলেন, এখনও পর্যন্ত  চাল পাঠানোর কোনও নির্দেশ আসেনি। এক্ষেত্রে কী ঘটেছে খোঁজ নিয়ে বলব। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুদ্দোজা বলেন, বিষয়টি সকালে এক সহকারী শিক্ষক মারফত জানতে পারি। জানার পর প্রধান শিক্ষককে ফোন করেছিলাম। ছুটির দিনে এসব করে উনি ভুল করেছেন। সোমবার বেলা ১১টায় এমসির মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে প্রধান শিক্ষককে হাজির থাকতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ