সংবাদদাতা, মানিকচক: মানিকচকের ঐতিহ্যবাহী মথরাপুর বিএসএস হাইস্কুলের বেহাল অবস্থা নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন অভিভাবক ও প্রাক্তন ছাত্রদের একাংশ। নিয়মিত ক্লাস না হওয়া, বেহাল ক্লাসরুম সহ বিভিন্ন দাবি নিয়ে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জানান তাঁরা। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকদের একাংশ। তাঁদের দাবি, স্কুলে নিয়মিত ক্লাস না হওয়ায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফল খারাপ হচ্ছে। স্কুল চত্বর ও শৌচালয় নিয়মিত পরিষ্কার হচ্ছে না। এমনকী ক্লাসরুমে লাইট ও ফ্যানের সুব্যবস্থাও নেই। স্কুলে পড়াশোনার কোনও পরিবেশ নেই। ঠিকমতো ক্লাসই হয় না। যদিও এই অভিযোগগুলিকে পাত্তা দিচ্ছেন না স্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস। তাঁর দাবি, বিদ্যালয়ের সুনাম খারাপ করার জন্য কেউ ষড়যন্ত্র করছে। অভিযোগ পেয়ে ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।



