সংবাদদাতা, মাথাভাঙা: মঙ্গলবার মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ণ সাহাকে বিদায় সংবর্ধনা দেওয়া হল। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় সূত্রে খবর, নারায়ণবাবু দীর্ঘ একুশ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত। এলাকায় তিনি জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শিক্ষারত্ন পুরস্কারও পেয়েছেন। সহশিক্ষক, শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনায় আবেগতাড়িত হয়ে পড়েন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষিত সরকার বলেন, নারায়ণবাবু আমাদের অভিভাবক ছিলেন। তাঁর বিদায় বেলায় সবাই আবেগতাড়িত হয়ে পড়েছে। এদিন প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রীও এসেছিল প্রিয় শিক্ষককে বিদায় জানাতে।



