Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ তৃণমূল শিক্ষক নেতাদের

প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ তৃণমূল শিক্ষক নেতাদের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ এনে শিক্ষা সার্কেল অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন আবেদনকারী শিক্ষকদের একাংশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ সার্কেল অফিসে। আন্দোলনে নেতৃত্ব দেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেখলিগঞ্জ সার্কেল কমিটির সভাপতি অজিত রায়পাটোয়ারি, যুব তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক সভাপতি জ্যোতিষ রায়।
Advertisement
আবেদনকারীদের দাবি, নির্ধারিত সময়ে প্রধান শিক্ষক পদের জন্য এই সার্কেল থেকে ৪৫জন আবেদন করেছিলেন। কয়েকদিন আগে ওই ৪৫ জনের নাম সহ একটি খসড়া তালিকা প্রকাশিত হয়। কিন্তু সোমবার চূড়ান্ত তালিকায় দেখা যায় সংখ্যাটি বেড়ে ৪৬ হয়েছে। এই একজনের নাম অতিরিক্ত সংযোজন নিয়ে প্রশ্ন তুলে এদিন আন্দোলনে নামেন তাঁরা। এই বিষয়ে তাঁরা এসআই-এর কাছে জবাবদিহি দাবি করেছেন। কিন্তু এদিন অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে হাজির ছিলেন না। অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হন আবেদনকারী শিক্ষকদের একাংশ। 
এই প্রসঙ্গে অজিতবাবু বলেন, এই অনিয়ম মেনে নেওয়া যায় না। সেজন্যই সকলে মিলে আন্দোলনে নেমেছি। যদিও এই প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয় সমূহের মেখলিগঞ্জ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক পরিতোষ ওরাওঁ সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, কোনও অনিয়ম হয়নি। একটি নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় সেই নাম যুক্ত করা হয়েছে। খসড়া তালিকায় এছাড়াও বেশ কয়েকটি ভুল ছিল। সেগুলি সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কারা আন্দোলনে নেমেছে জানি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ