কোল্ড চিকেন স্যালাড
উপকরণ: চিকেন কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজ ১টি কুচি করা, সাদা তেল ২ চামচ, নুন স্বাদমতো, রেড কারি পেস্ট ২ টেবিল চামচ, ফিশ স্যস
২ টেবিল চামচ, ধনেপাতা ১ আঁটি, লেবুর রস ১টি, পুদিনা পাতা কুচি ২ চামচ, সাজানোর জন্য লেটুস পাতা, শসা, টম্যাটো কুচানো।
প্রণালী: তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। এতে কিমা, রেড কারি পেস্ট দিন। তা নেড়েচেড়ে নিয়ে নুন দিন। অল্প জল দিয়ে ১০ মিনিট রান্না করুন। কিমা শুকনো ও সিদ্ধ হলে নামিয়ে নিন। লেটুস পাতা, শসা, টম্যাটো কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
প্রন ইন রেড কারি পেস্ট
উপকরণ: চিংড়ি ২৫০ গ্রাম, সাদা তেল
২ টেবিল চামচ, রেড কারি পেস্ট ৩ টেবিল চামচ, ফিশ স্যস ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, টম্যাটো ৪টি (টুকরো করা), কাঁচালঙ্কা কুচি ২টি, ধনেপাতা কুচি ১ আঁটি।
প্রণালী: প্রথমে তেল গরম করে এতে রেড কারি পেস্ট দিয়ে নুন দিন। অল্প জল দিয়ে ফিশ স্যস দিন। এবার তাতে টুকরো করা টম্যাটো দিন। শেষে চিংড়িগুলো দিন। সবটা মিশিয়ে রান্না করুন। কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন এই পদটি।
কোরিয়ান চিজি পটেটো প্যানকেক
উপকরণ: আলু সেদ্ধ ৪টি, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, নুন, গোলমরিচ স্বাদমতো, সাদা তেল প্রয়োজন মতো, মোজারেলা চিজ প্রয়োজন মতো।
প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। তাতে চালের গুঁড়ো, নুন, গোলমরিচ, দিয়ে ভালো করে মেখে ছোট লেচি কেটে ভিতরে চিজ দিয়ে গড়ে নিন। এবার প্যানে তেল গরম করে বলগুলো দু’পিঠ ভেজে চিজ স্যস সহ পরিবেশন করুন।
সুমিতা শূর