নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: খাগড়াগড় কাণ্ড থেকে শিক্ষা নিয়েছে পুলিস। এলাকায় কাউকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখলে পুলিসকে জানাতে বলা হয়েছে। ঘরভাড়া দেওয়ার সময় পরিচয়পত্র জমা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে পুলিস জনগণকে সতর্ক করে। কেউ বাড়িভাড়া নিতে এলে তাঁকে একটি নির্দিষ্ট ফর্ম ফিলআপ করতে হবে। পুলিসের পক্ষ থেকে ফর্ম দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যে আনসারুল্লা বাংলা টিম সহ একাধিক জঙ্গি সংগঠন জাল বিস্তার করেছে। তারা যাতে কোনও এলাকায় ডেরা বাঁধতে না পারে তারজন্য প্রতিটি জেলার পুলিসকেই নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অনেকেই নিয়ম না মেনে বাড়িভাড়া দেন। তাঁরা পরিচয়পত্রও জমা নেন না। তাঁদের সতর্ক করতে মালিরবাগান, ডাঙাপাড়া সহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালানো হয়েছে।



