সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকের রাজাপুর ভাতশালা গ্রামে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের দ্বিতীয়দিনও ভিড় জমালেন বাসিন্দারা। নানা সংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন অ্যামেচার যাত্রা গোষ্ঠীর মহাভারতের কুরুক্ষেত্র অবলম্বনে ‘জননী আজও জ্বলছে’ যাত্রাপালায় ভগবান কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মঞ্চে অভিনয় করতে ভালোবাসেন স্বপনবাবু। নিজেও একটি যাত্রার দল চালান। এদিন তাঁর কৃষ্ণ চরিত্রে অভিনয় সকলের মন জয় করে।
Advertisement
স্বপনবাবু বলেন, যাত্রা লোকশিক্ষার অঙ্গ। একসময় গ্রাম থেকে শহরে যাত্রাই ছিল মনোরঞ্জনের বড় মাধ্যম। এক দশক আগে অ্যামেচার যাত্রাশিল্পে ভাটা পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রাশিল্পীদের জন্য শিল্পীভাতা চালু করেছেন। বহু মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। আজ যাত্রা পুনরায় মানুষের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। যাত্রাপালায় হাজার হাজার দর্শকের উপস্থিতি তা প্রমাণ করছে।



