সংবাদদাতা, কালনা: নবদ্বীপের রাস উৎসব বিখ্যাত। পাশাপাশি নবদ্বীপ সংলগ্ন নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের রাস উৎসব আজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ব্লকে শতাধিক রাসপুজো অনুষ্ঠিত হয়। বুধবার রাতে কেন্দ্রীয় রাস উৎসব কমিটির উদ্যোগে দক্ষিণ শ্রীরামপুরের কিশোর স্টাফ ক্লাবের গঙ্গামাতা পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশারানি এ, পুলিস সুপার সায়ক দাস, মহকুমা শাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী প্রমুখ।নবদ্বীপের রাস উৎসবের পাশাপাশি পূর্বস্থলী-১ ব্লকের জাহান্নগর, শ্রীরামপুর, সমুদ্রগড় প্রভৃতি অঞ্চলে রাস উৎসব শুরু হয়। কথিত আছে, নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে পূর্বস্থলী-১ ব্লকের পণ্ডিতদের মনোমালিন্যের জেরে নাদনঘাট থানার পূর্বস্থলী-১ ব্লকের বিভিন্ন স্থানে রাস উৎসবের প্রচলন হয়। ব্লকজুড়ে শতাধিক রাস পুজো হয়। পাঁচ থেকে দশ লক্ষ টাকার বিগ বাজেটের পুজো হয় বেশ কয়েকটি। স্বপনবাবু বলেন, পূর্বস্থলী-১ ব্লকের রাস উৎসব নবদ্বীপের রাস উৎসবের থেকে কোনও অংশে কম যায় না। বড় বড় মণ্ডপ সহ সুন্দর প্রতিমা আলোর রোশনাই ব্যাপক সুনাম অর্জন করেছে। লক্ষাধিক মানুষ রাস উৎসবে অংশ নেন।



