Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীতে মেটে আলু চাষে ঝোঁক বাড়ছে চাষিদের

পূর্বস্থলীতে মেটে আলু চাষে ঝোঁক বাড়ছে চাষিদের
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর কৃষি মেলায় দৈত্যাকার মেটে আলু দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। মেলার প্রদর্শনীতে বড় সাইজের ওই মেটে আলু ধরতে দু’জন হিমশিম খাচ্ছেন। পূর্বস্থলীজুড়ে এমন মেটে আলুর চাষ বাড়ছে। তা বিক্রি করে কৃষকদের আয় বাড়ছে। পূর্বস্থলী-২এর এডিএ জীবন নাথ বলেন, মেটে আলু ওজনে সবসময় বেশি হয়। তবে পূর্বস্থলীজুড়ে এটার চাষ বাড়ছে। চাষিদের এরকম বিকল্প ফসল চাষে আমরা সবসময়ই উৎসাহ দিই। বাজারে এর দামও বেশি। তাই মাটির আলু চাষ করে কৃষকদের ভালোই লাভ হচ্ছে। পূর্বস্থলী জেলার সব্জিভাণ্ডার বলে পরিচিত। এখানে বেশিরভাগ চাষিই সব্জি  চাষ করেন। একমাত্র পূর্বস্থলীতেই বিভিন্নরকমের সব্জি চাষ দেখা যায়। এখানকার পারুলিয়া, কালেখাঁতলা বাজার থেকে প্রতিদিন ট্রাক ভরে সব্জি  বিহার, ঝাড়খণ্ড, অসম সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এখন এলাকায় মেটে আলু চাষে ঝোঁক বাড়ছে। পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলা-১ পঞ্চায়েতের মুরাগাছি, চণ্ডীপুরে এধরনের আলুর চাষ হয়। চাষি সুকান্ত মণ্ডল বলেন, বিকল্প চাষ হিসেবে আমরা অনেকেই মেটে আলু চাষ করছি। দু’বছর ধরে মাটি থেকে না তুললে এই আলু এরকম বড় সাইজের হয়ে যায়। বাজারে এই আলুর দাম কেজি প্রতি ২০-৫০ টাকা পর্যন্ত ওঠে। অপর চাষি সুকুর আলি শেখ বলেন, আমিও মেটে আলু চাষ করি। বাজারে এর ভালোই চাহিদা রয়েছে। এটা খেতেও বেশ সুস্বাদু। মেটে আলু চাষ সব জায়গায় সমানভাবে হয় না। হালকা দো-আঁশ মাটি এই চাষের জন্য বেশি উপযোগী। বেশি শীতে এই গাছ শুকিয়ে মারা যায়। এই গাছ বেড়ে ওঠার জন্য আংশিক ছায়া থাকলে ভালো হয়। গাছের জন্য মাচা বা  বেড়া প্রয়োজন। কারণ এই গাছের অবলম্বন প্রয়োজন হয়। মেটে আলু সাধারণ আলুর মতোই রান্না করে খাওয়া যায়।
Advertisement
বিশেষজ্ঞরা জানান, মেটে আলু ক্যালসিয়াম ও ফসফরাসের খুবই ভালো উৎস। সেইসঙ্গে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম রয়েছে। মেটে আলু গড়ে ২ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। এই প্রজাতির আলুর মূল রোগ গোড়া পচা। তাই এই আলুগাছ লাগানোর আগে বীজ শোধন করে নিতে হবে। মেটে আলুর গাছে অন্য রোগ ও পোকার আক্রমণ তেমন একটা হয় না। সোমবার কৃষিমেলায় তৈলবীজ চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ বোরো চাষের বিকল্প হিসেবে সরষে চাষে আগ্রহ বাড়ছে।
সম্পর্কিত সংবাদ