সংবাদদাতা, কালনা: জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে। এনিয়ে বৃহস্পতিবার বিডিও, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসারদের নিয়ে পূর্বস্থলী-১ ব্লক সভাগৃহে বৈঠক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। দ্রুত কাজ শেষ করা সহ পাইপলাইন বিছানোর সময় ক্ষতিগ্রস্ত রাস্তা সারাইয়ের নির্দেশ দেন তিনি। তবে, এদিনের বৈঠকে জল চুরি আটকাতে আধিকারিকদের কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলেন স্বপনবাবু। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ।
Advertisement
পূর্বস্থলী-১ ব্লকে ১০০টি মৌজা রয়েছে। এর মধ্যে জনবসতি রয়েছে ৯৬টি মৌজায়। জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। ব্লকে ৫৬ হাজারের বেশি পরিবারে পানীয় জল পৌছে দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বপনবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে জলস্বপ্ন প্রকল্প এনেছেন। ব্লকের ৯৬টি মৌজার মধ্যে ৩৪টি মৌর্জায় ১০০ শতাংশ কাজ হয়েছে। ৪৩ হাজারের বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। আরও ১৩ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বাড়ি পিছু একটি সংযোগ দেওয়া হয়েছে। ওই জল যাতে কেউ অন্য কাজে ব্যবহার না করে তা কঠোরভাবে দেখতে অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে পাম্প লাগিয়ে রিজার্ভারে জল তুলছে। সেই দিকটাও দেখার জন্য বলা হয়েছে।



