সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীতে ভিলেজ পুলিসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। সানঘোষ পাড়ার মোড়ে মীমাংসা করার নামে ডেকে এক লরিচালককে বেধড়ক মারধর ও গালাগাল দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ভিলেজ পুলিসের নামে জেলার অতিরিক্ত পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই লরিচালক। পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) রাহুল পাণ্ডে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি পূর্বস্থলী থানার মুকশিমপাড়া অঞ্চলের সানঘোষ পাড়ার মোড়ে একটি দোকানে এই ঘটনাটি ঘটে। ওই অঞ্চলের বারোরপাড়া গ্রামের বাসিন্দা পেশায় লরিচালক ইন্তাজুল শেখ লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন একজনের সঙ্গে পুরানো বিবাদ নিয়ে মীমাংসা করার জন্য ডেকে ছিল ওই ভিলেজ পুলিস। তারপরেই তাঁকে বেধড়ক মারধর ও অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া হয়। এলাকায় একজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিবাদ হয়। বিষয়টি ভিলেজ পুলিসকে জানানো হয়েছিল। ইন্তেজুল সাহেব সেদিনের ঘটনার একটি ভিডিও মোবাইলে তুলে রেখেছেন। তিনি বলেন, পুলিসের কাছে অভিযোগ জানানোয় এখন আমাকে ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
Advertisement
প্রসঙ্গত, এক মাস আগে পূর্বস্থলী থানা এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বালির লরি থেকে তোলাবাজির অভিযোগ উঠেছিল। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়।



