সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর দামপালে ভাগীরথীতে ফের ভাঙন শুরু হয়েছে। শুক্রবার থেকে নদী পাড়ের মাটি ধসছে। পাশেই রয়েছে ঢালাই রাস্তা। তড়িঘড়ি ব্যবস্থা না নিলে ওই রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। শনিবার ভাঙন পরিদর্শন করতে সেচদপ্তরের দুই অফিসার আসেন।
Advertisement
পাটুলি পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত রায় বলেন, যেভাবে নদী পাড়ের মাটি ধসছে তাতে খুবই চিন্তিত। কারণ, ১৫-২০ মিটার জুড়ে ভাঙন হচ্ছে। আর কিছুটা ভাঙলেই ঢালাই রাস্তা নদীগর্ভে তলিয়ে যাবে। নতুন দামপালের মানুষজন ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন। স্কুল, হাসপাতালে অনেকেই যেতে পারবেন না। এদিন সেচদপ্তরের দুই অফিসার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। দেখা যাক কী হয়। পূর্বস্থলীর পাটুলি, ঝাউডাঙা, যজ্ঞেশ্বরপুর, ছাতনী গ্রামের বাসিন্দারা প্রায়ই ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারাচ্ছেন। ভাগীরথীর ভাঙনে এসব গ্রামের মানচিত্র বদলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা সুস্মিতা সরকার, পদ্ম সরকার, ঝুমা শাকারি বলেন, আর কিছুটা ভাঙলেই আমাদের যাতায়াতের রাস্তাটা বাঁচানো যাবে না। কখন বাড়ি, ঘর নদী গর্ভে তলিয়ে যাবে এই ভেবে ঘুম আসছে না। আমরা চাই দ্রুত ভাঙন রোধে কাজ শুরু হোক। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি নিয়ে সেচদপ্তরের সঙ্গে কথা বলব।



