সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর লক্ষ্মীপুর বাজার থেকে ফলেয়া মোড় পর্যন্ত রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তার পিচ আগেই উঠে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। রাস্তাজুড়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে বেহাল রাস্তাটি সংস্কার করে দিক প্রশাসন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী-২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের লক্ষ্মীপুর বাজার থেকে ফলেয়া চারমাথা মোড় পর্যন্ত রাস্তাটি প্রায় দু’কিমি দীর্ঘ। ওই রাস্তার কিছুটা অংশ মেড়তলা পঞ্চায়েতের মধ্যেও পড়ে। তাই সারাদিন বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এমনকী, ওই রাস্তা দিয়ে মাজিদা ও মেড়তলা সহ আশপাশের বহু গ্রামের চাষি সব্জি নিয়ে ফলেয়া বাজারে আসেন। তাঁদের রীতিমতো দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা বিষহরি হাটুই বলেন, প্রতিদিন আমাদের ওই রাস্তা দিয়েই সাইকেলে সব্জি নিয়ে যেতে হয়। রাস্তাটি দু’বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। কোথাও আবার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্ষায় রাস্তাটির আরও খারাপ অবস্থা হয়। মাজিদা পঞ্চায়েতের প্রধান খন্দেকার মুজিবর রহমান বলেন, ওই রাস্তা জেলা পরিষদের অধীনে রয়েছে। বিষয়টি বিধায়ককে জানানো হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে।
পূর্বস্থলী-২ ব্লক মূলত কৃষি নির্ভর এলাকা। বহু মানুষ সব্জি ফলিয়ে জীবিকা নির্বাহ করেন। পূর্বস্থলী জুড়ে বড় বড় আড়ত রয়েছে। প্রচুর মানুষ সব্জি নিয়ে বাজারে যাতায়াত করেন। এই রাস্তা দিয়েই তিনচাকার গাড়ি কিংবা মোটর ভ্যানে সব্জি বয়ে নিয়ে যান। বেহাল রাস্তার জন্য সবারই হয়রানি হচ্ছে।