Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্বস্থলীজুড়ে তোলাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিল গোপাল

পূর্বস্থলীজুড়ে তোলাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিল গোপাল
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীজুড়ে বালি গাড়ির মালিকদের কাছে আতঙ্ক ছিল কালো রঙের একটি গাড়ি। কালেখাঁতলার একটি হোটেল থেকে ওই গাড়ি ছুটিয়ে বালির গাড়ির চালকদের থেকে তোলা চাইত পূর্বস্থলী থানার আইসির গাড়িচালক। তার এতটাই দাপট ছিল যে, কেউ মুখ খোলার সাহস পেত না। কালো গাড়িটি দেখলেই বালির গাড়ির চালকরা বুঝে যেতেন, এবার টাকা দিতে হবে।
Advertisement
গোপাল দাস নামে ওই গাড়ির চালক ও তার শাগরেদ তথা কালেখাঁতলার একটি হোটেলের মালিক বাপন দাস দু’জনের বালির গাড়ি হোয়াটসঅ্যাপে ‘রেজিস্ট্রেশন’-এর মাধ্যমে টাকা তুলত। বৃহস্পতিবার সকালে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় আইসিকে সঙ্গে নিয়ে বাপনের হোটেলে হানা দেন। সেখান থেকে দু’জনকেই পাকড়াও করা হয়। গোপাল ও বাপনকে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর, গোপাল মাত্র কয়েকবছরেই প্রচুর টাকার মালিক হয়ে উঠেছিল। বন্ধু বাপন দাসের হোটেলেও তার বেনামে মালিকানা ছিল। স্থানীয়দের অভিযোগ, সেখানে অসামাজিক কাজ চলত। দু’জনই আইসির নাম ভাঙিয়ে বালির গাড়ি থেকে পয়সা লুটত। এমনকী, সরকারি খাসজমি দখল করে বাড়ির ভিত তৈরির অভিযোগ উঠেছে গোপালের বিরুদ্ধে। অভিযোগ, ইটভাটায় গিয়ে চমকে ইট চাইত সে।
গোপাল গ্রেপ্তারের পর বালি গাড়ির চালকরা মুখ খুলছেন। তাঁরা জানালেন, গোপাল পরিবহণ দপ্তরের আধিকারিকদের পিছনে গাড়ি ছোটাত। পরে ওই আধিকারিকদের নাম ভাঙিয়ে সে লরির চালকদের থেকে পয়সা নিত। এক গাড়িচালক বলেন, দু’দিন আগেই পরিবহণ দপ্তরের আধিকারিকদের নাম করে আমার থেকে ৫০হাজার টাকা নিয়েছে। বাকিদের থেকে সে ২৫হাজার টাকা নিয়েছিল। তার মুখের উপরে কথা বললেই রেট দ্বিগুণ থেকে চারগুণ বেড়ে যেত। আগে থেকে নাম ‘রেজিস্ট্রেশন’ করানোর পর ওই হোটেলে বাপন দাসকে টাকা দিলে তবেই বালির গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি মিলত।
অনেকেই প্রশ্ন তুলছেন, শুধুমাত্র আইসির গাড়ির চালক হয়ে কার মদতে গোপাল ও তার বন্ধুর এই তোলাবাজির সাম্রাজ্য গড়ে উঠল? পূর্বস্থলী থানার পুলিস কী ঘুণাক্ষরেও টের পায়নি? নাকি সবকিছু দেখেও না দেখার ভান করে ছিল। বিরোধীদের দাবি, পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।
পারুলিয়ার এক বাসিন্দা জানান, গোপালকে পুলিসকর্মীরাও সমঝে কথা বলত। কারণ আইসির গাড়ির চালক বলে কথা। গোপাল বেনামে বেশ কয়েকটি ডাম্পারের মালিকও হয়ে উঠেছে। তার মধ্যে একটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে চলছে। আরও একটি পূর্বস্থলী থানা এলাকার একটি পেট্রল পাম্পে কয়েকমাস ধরে দাঁড় করিয়ে রেখেছে।
গোপাল ও তার শাগরেদ বাপনের বিরুদ্ধে বড়ডাঙার বাসিন্দা সামসুল সরকার লিখিত অভিযোগ জানিয়েছেন। পূর্বস্থলী থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ