নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পারিবারিক বিবাদের জেরে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি জলপাইগুড়ি শহর সংলগ্ন নাওয়াপাড়ার। পুলিস জানিয়েছে, মৃতের নাম টোটোন রায়(২৭)। শুক্রবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। শনিবার জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস। মৃতের বাবা পেশায় রাজমিস্ত্রি জীতেন রায় বলেন, বছর সাতেক আগে ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে ছেলে ও তার স্ত্রীর মধ্যে শুরু হয় ঝামেলা। চারবছর আগে বউমা বাপেরবাড়ি চলে যায়। ডিভোর্সের মামলা করে। ছেলের নামে মারধরেরও অভিযোগ করে। তার পরিপ্রেক্ষিতে কিছুদিন জেল খাটতে হয় ছেলেকে। পরে জামিন পেয়ে পরিযায়ী শ্রমিকের কাজে কেরলে চলে যায় ছেলে। কালীপুজোর আগে বাড়ি ফিরেছিল। কিছুদিন বাড়িতে থেকে আবারও কেরলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই যে সে এমন ঘটনা ঘটিয়ে ফেলবে, ভাবতে পারিনি। স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরেই ছেলে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন জীতেনবাবু।



