নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাটিগাড়ার একটি বেসরকারি সংস্থার দপ্তরে ঢুকে এক যুবককে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। সোমবার রাতে পরিবহণ নগরে একটি দপ্তরে ঢুকে পড়ে একের পর এক যুবক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তারা কর্মীদের হেনস্তা করে। কর্মীরা প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পাথর ছোড়ে। এরপর দপ্তরে ঢুকে এক কর্মীকে মারধর শুরু করে তারা। কর্মীদের অভিযোগ, ওই দুষ্কৃতীদের বানজারা গ্যাং বলে চিহ্নিত করে এলাকাবাসীদের একাংশ। ঘটনায় জখম হন ওই কর্মী। তার মাথায় চোট লেগেছে। ঘটনার পর মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন দপ্তরের কর্মীরা। পুলিস ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। রাতে পরিবহণ নগরে পুলিসি টহলের দাবি উঠেছে।



