নিজস্ব প্রতিনিধি, তমলুক ও মেদিনীপুর: শনিবার পূর্ব মেদিনীপুরে জাতীয় লোক আদালতে ৯০৪৩টি মামলার নিষ্পত্তি হল। নিষ্পত্তি হওয়া মামলার টাকার পরিমাণ ৮কোটি ৮৮লক্ষ ১৪হাজার ৫৪৫। তমলুক, হলদিয়া ও কাঁথি আদালতে ২৪টি বেঞ্চ বসেছিল। সবমিলিয়ে, ২১৮১০টি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। কিন্তু, অনেকে নোটিস পেলেও লোক আদালতে হাজির হননি। ব্যাঙ্ক, বিএসএনএল, মোটর ভেহিকেলস ক্লেম, নন-গভর্নমেন্ট রেজিস্টার(এনজিআর), ইলেক্ট্রিসিটি সহ প্রি-লিটিগেশন ও বকেয়া মামলা নিষ্পত্তির জন্য বেঞ্চ বসেছিল। জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত প্রমুখ তমলুকে জাতীয় লোক আদালতের বিভিন্ন বেঞ্চ ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন তমলুকের এসডিপিও আফজল আবরার ও তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে চতুর্থ তথা বছরের শেষ লোক আদালতে ব্যাপক সাড়া পড়ল। মেদিনীপুর, ঘাটাল, খড়্গপুর, দাঁতন ও গড়বেতা আদালত মিলিয়ে লোক আদালতের ২২টি বেঞ্চ বসে। প্রায় ৩৫হাজার মামলা উঠেছিল। তার বেশিরভাগই ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত। এছাড়া মোটর ভেহিকেলস সহ অন্য মামলাও ওঠে। ২০হাজারের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সাহিদ পারভেজ বলেন, বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে।



