Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরজুড়ে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পূর্ব মেদিনীপুরজুড়ে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। এদিন জেলাশাসকের অফিসে মূল অনুষ্ঠানটি হয়। গান, আবৃত্তি, আলোচনা ও নৃত্যানুষ্ঠান হয়। ভাষা দিবসের গুরুত্ব নিয়ে ২০ ফেব্রুয়ারি স্কুল পড়ুয়াদের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হয়েছিল। তাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে এদিন পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বৈভব চৌধুরী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভাষা দিবসের গুরুত্ব নিয়ে তাঁরা বক্তব্য রাখেন।
Advertisement
কোলাঘাট হাইস্কুল মাঠেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয় সহ একাধিক ক্লাব ও সংগঠনের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। প্রভাতফেরি, ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা, নাচ, গান ও বক্তব্যে মাতৃভাষা দিবসের গুরুত্ব উঠে আসে। মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে নিমতৌড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমৃত গ্রন্থাগারের উদ্বোধন হয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী একরূপানন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রবীণ বাম নেতা তথা কবি ও সাহিত্যিক অমৃত মাইতির দান করা বইয়ের সম্ভার নিয়ে এখানে অমৃত গ্রন্থাগারের শুভ উদ্বোধন হল।
হলদিয়া: শুক্রবার হলদিয়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত শ্রদ্ধা ও মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও একুশের ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে। এদিন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও হলদিয়া পুরসভার যৌথ উদ্যোগে পুরসভার প্রেস কর্নারে ভাষা দিবসের অনুষ্ঠান হয়। আবৃত্তি, আলোচনাসভা, সঙ্গীত, গীতি আলেখ্য, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা প্রভৃতি নানা অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক তথা পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট কৌশিক বন্দ্যোপাধ্যায়, সৌমেন বিশ্বাস, পুরসভার আধিকারিক দুলাল সরকার, প্রাবন্ধিক কমলকুমার কুণ্ডু এবং শিশিরকুমার বাগ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে পৌর পাঠভবনের ছাত্রছাত্রীরা। তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম হয়েছে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্গনা সাহু এবং রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলের ছাত্রী সুস্মিতা পুরকাইত। এদিন হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সত্যেন্দ্রনাথ বসু সভাঘরে আই কেয়ার কালচারাল অ্যাকাডেমির উদ্যোগে বড় আকারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। সংস্থার বিভিন্ন কলেজের শতাধিক ছাত্রছাত্রী গান, নাচ ও বৃন্দগানের মধ্য দিয়ে একুশের ভাষা শহিদদের স্মরণ করেছেন। কালচারাল অ্যাকাডেমির কোরাস গানের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দীপিকা মণ্ডল একক গানে সবার নজর কেড়েছেন। ভাষা দিবস নিয়ে আবেগময় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ