Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

পূর্ব মেদিনীপুরে বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরে এবারে গত বছরের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল। এবছর মোট ৬০ হাজার ১৩৬জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। গতবছর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ১০০জন। এবারে মোট ১১২টি কেন্দ্রে পরীক্ষা হবে। তারমধ্যে মেন ভেনুর সংখ্যা ৬৪টি। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি উপলক্ষ্যে বুধবার একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ সকল বিডিও, থানার আইসি এবং ওসিরা অংশ নেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে ফ্লেক্স টাঙানো থাকবে। সেখানে পরীক্ষার্থীরা কী কী করতে পারবে না, তার উল্লেখ থাকবে। পরীক্ষার্থীরা যাতে অপ্রীতিকর কিছু না ঘটায়, প্রশ্নপত্র দেওয়ার আগে তাদের দিয়ে সেবিষয়ে শপথবাক্য‌ পাঠ করানো হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে উপযুক্ত সংখ্যক পুলিস মোতায়েন থাকবে। কোনও সিভিক ভলান্টিয়ার পরীক্ষাকেন্দ্রের ভিতরে থাকতে পারবে না। দু’জন করে স্বাস্থ্যকর্মী পরীক্ষাকেন্দ্রে থাকবেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার থাকবেন। তাঁদের কাছে বিশেষ অ্যাপ থাকবে। তার মাধ্যমে তাঁরা পরীক্ষা সংক্রান্ত খবর নিয়ে পর্ষদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ