Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানে ৩টি অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

পূর্ব বর্ধমানে ৩টি অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় তিনটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মন্তেশ্বর থানার লোহারগ্রামে ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে কীটনাশক খেয়ে এক খেতমজুর আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সার্থক ঘড়ুই(৪৭) ওরফে বাপি। সোমবার সকালে তিনি বাড়িতে কীটনাশক খান। মঙ্গলবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Advertisement
মৃতের স্ত্রী রীতা ঘড়ুই বলেন, দেড়বছর আগে বাড়ি করার জন্য একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়। সেই ঋণের কিস্তির টাকা তাঁকে প্রতি সপ্তাহে ব্যাঙ্কে জমা করতে হতো। ইদানীং কাজকর্ম না থাকায় তিনি টাকা জোগাড় করতে পারেননি। সোমবারই কিস্তি জমা দেওয়ার দিন ছিল। সেই টাকা জোগাড় করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন।
বর্ধমান থানার বেচারহাটে একটি অজ্ঞাতপরিচয় দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার বিকেলে স্থানীয়রা শ্মশানের কাছে বাঁধের ধারে দেহটি পড়ে থাকতে দেখেন। মৃতের বয়স পঞ্চাশের কাছাকাছি। খবর পেয়ে পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। সেইসঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে।
খণ্ডঘোষ থানার মুইধারা গ্রামে একটি নবনির্মিত বাড়ির প্লাস্টারের কাজ করার সময় পড়ে গিয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ মতলব(৫৬)। তিনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ছোটকালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কয়েকদিন ধরে তিনি একটি বাড়ি প্লাস্টারের কাজ করছিলেন। সোমবার দুপুরে কাজ করার সময় আচমকা পড়ে যান। সংজ্ঞাহীন অবস্থায় বর্ধমান মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজমহলে তার্পিন তেল খেয়ে বালকের মৃত্যু: ঝাড়খণ্ডের রাজমহল থানার জয়রামডাঙায় জল ভেবে তার্পিন তেল খেয়ে এক বালকের মৃত্যু হয়েছে। তার নাম আয়ুষ পণ্ডিত(৭)। বৃহস্পতিবার সকালে বাড়িতেই সে জল ভেবে তার্পিন তেল খেয়ে ফেলে। তাকে প্রথমে বীরভূমের রামপুরহাট হাসপাতালে, পরে বর্ধমানের নবাবহাটে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে শিশুটি মারা যায়।
সম্পর্কিত সংবাদ