Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমান জেলা পুলিসে রদবদল, ১০টি থানা ও ফাঁড়ির ওসি-ইনচার্জ বদলি

পূর্ব বর্ধমান জেলা পুলিসে রদবদল, ১০টি থানা ও ফাঁড়ির ওসি-ইনচার্জ বদলি
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিসে ব্যাপক রদবদল করা হল। ১০টি থানার ওসি এবং ফাঁড়ি ইনচার্জদের বদলি করা হল। তাঁদের কয়েকজন এসআই থেকে আইসি হয়েছেন। তাঁদের অন্য জায়গায় বদলি করাই নিয়ম। পুলিস সূত্রে জানা গিয়েছে, জামালপুর থানার নতুন ওসি হচ্ছেন কৃপাসিন্ধু ঘোষ। তিনি সেহেরাবাজার ফাঁড়ির দায়িত্বে ছিলেন। রায়না থানার ওসি হচ্ছেন নিমাই ঘোষ। তিনি জামালপুর থানায় ছিলেন। মেমারি থানার দায়িত্বে যাচ্ছেন প্রীতম বিশ্বাস। তিনি গুসকরা ফাঁড়িতে ছিলেন। দেওয়ানদিঘি থানার ওসি পদে দায়িত্ব নিতে চলেছেন সরিফুল শেখ। বুদ্ধদেব ঢালিকে ভাতার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। শক্তিগড় থানার ওসি বদলি হয়েছেন। উত্তাল সামন্ত এই থানার দায়িত্ব নিচ্ছেন। সুবত মণ্ডল দাঁইহাট, সৌরভ দত্ত গুসকরা, রাহুল দাস সেহেরাবাজার এবং মৃদুল ঘোষ কৈচর ফাঁড়ির দায়িত্বে থাকছেন। 
Advertisement
এক পুলিস আধিকারিক বলেন, আরও কয়েকটি থানার অফিসার বদল হতে চলেছে। দীর্ঘদিন ধরে যাঁরা একই থানায় রয়েছেন তাঁদের সরানো হবে। এছাড়া পুলিসে স্বচ্ছতা আনতেও জোর দেওয়া হয়েছে। কয়েকদিন আগে একটি থানার আইসির গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। একটি ফাঁড়ির অফিসার ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন পুলিস কর্তাকে সতর্ক করা হয়েছে। কোথাও কোনও আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। কেউ কোনও অভিযোগ নিয়ে থানায় গেলে ফিরিয়ে দেওয়া যাবে না বলে শীর্ষস্তর থেকে সাফ বার্তা দেওয়া হয়েছে। এছাড়া জেলার বাসিন্দারা অনলাইনেও অভিযোগ করতে পারেন। সেটাও গুরুত্ব দিয়ে দেখা হবে। সম্প্রতি অনলাইনে এক সিভিক ভলান্টিয়ারের নামে অভিযোগ জমা পড়ে। চাকরির টোপ দিয়ে তিনি এক মহিলার কাছে থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ হয়েছে। পুলিস তা নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, সব অভিযোগ সত্য‌ হয় না। অনেক ভুয়ো অভিযোগও জমা পড়ে। সেই কারণে খতিয়ে দেখার পরই পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ