Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানে জলে ডুবে মৃত ৩

পূর্ব বর্ধমানে জলে ডুবে মৃত ৩
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমানে পৃথক ঘটনায় জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। জামালপুর থানার মহীন্দর গ্রামে জলে ডুবে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃতার নাম ঈশানী টুডু। শুক্রবার বিকেলে খেলার সময় বাড়ির পাশের পুকুরে সে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
Advertisement
জামালপুর থানারই কৃষ্ণরামপুরে নদীর জলে তলিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম শ্যামা মল্লিক(৩৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক আত্মীয়ের সৎকার করতে গিয়েছিলেন তিনি। সৎকার করার পর নদীতে স্নান করার সময় তিনি তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ মেলেনি। সন্ধ্যার সময় স্থানীয় বাসিন্দারা তাঁর দেহ নদীতে ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আর একটি ঘটনায় আউশগ্রাম থানার কাজিপাড়ায় জলে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শুকু হাঁসদা(২৪)। ওই থানারই ভাল্কির কুচিডাঙায় তাঁর বাড়ি। তিনি দিনমজুরের কাজ করতেন। 
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ সেরে পুকুরে হাত–পা ধোয়ার সময় তিনি জলে পড়ে যান। তারপর থেকে তাঁর হদিশ মেলেনি। শুক্রবার দুপুরে পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 
সম্পর্কিত সংবাদ