Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমান জেলায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

পূর্ব বর্ধমান জেলায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ছ’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মেমারি থানার পাল্লা ১ নম্বর কলোনিতে বিক্রম সমাদ্দার(২০) নামে এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়। কয়েকদিন আগে পরিবারের লোকজন তাঁকে ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে বড়শুল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের অনুমান, প্রণয়ঘটিত কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।
Advertisement
আউশগ্রাম থানার সুন্দলপুরে রবিবার সকালে জমিতে এক বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বর্ধমান মেডিক্যালে ভর্তি করা হলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম হরমুজ শেখ(৬৭)। তাঁর পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রবিবার তাঁর দেহ উদ্ধার হয়। বর্ধমান থানার পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
দেওয়ানদিঘি থানার গোপালপুরে সাপের ছোবলে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। স্বপন হাজরা(৫৫) নামে ওই ব্যক্তি শনিবার জমিতে কাজ করার সময় তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে। সোমবার ভোরে বর্ধমান মেডিক্যালে তাঁর মৃত্যু হয়।
গলসি থানার চৌমাথা ক্যানেলপুলেও সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লালন শেখ(৪০) নামে ওই ব্যক্তি কয়েকদিন আগে মাঠে ছাগল চরানোর সময় তাঁর ডান পায়ে সাপে ছোবল মারে। রবিবার বিকেলে বর্ধমান মেডিক্যালে তিনি মারা যান।
খণ্ডঘোষ থানার খেজুরহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রবি ধাড়া(৩৫) পেশায় চাষি ছিলেন। সোমবার সকালে ধান ঝাড়াইয়ের জন্য তিনি যন্ত্র ঠিক করছিলেন। যন্ত্রে সংযোগ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর ছেলে বাঁচাতে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক রবিবাবুকে মৃত ঘোষণা করেন।
হুগলির গুড়াপ থানা এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। মৃত ইন্দ্রজিৎ হাজরার(৫১) বাড়ি ভাতার থানার বড়বেলুনে। তাঁর স্ত্রী জখম অবস্থায় বর্ধমান শহরের উল্লাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, রবিবার দুপুরে ইন্দ্রজিৎবাবু স্ত্রীকে নিয়ে গাড়িতে কলকাতায় যাচ্ছিলেন। গুড়াপ থানা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তাতে দু’জনই জখম হন। পুলিস তাঁদের বর্ধমান মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক ইন্দ্রজিৎবাবুকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ