সংবাদদাতা, মায়াপুর: নবদ্বীপ ব্লকের পূর্ব বাবলারি পঞ্চায়েতের দক্ষিণপাড়ায় রেললাইনের দিকে যাওয়া রাস্তাটি বহুদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তার পিচ উঠে ইট বেরিয়ে এসেছে। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিনই চারচাকা গাড়ি, ১০চাকার লরি, বাইক, সাইকেল সহ ছোটবড় নানা ধরনের গাড়ি যাতায়াত করে। এবড়োখেবড়ো রাস্তার বেহাল দশায় স্থানীয়রা ভোগান্তির মুখে পড়ছেন।
Advertisement
এলাকার প্রবীণ বাসিন্দা বিমল দে বলেন, দু’-তিনবছর ধরে রাস্তার এই হাল। যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বর্ষাকালে জল জমে রাস্তার অবস্থা আরও করুণ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, একটু দূরে রেলের জায়গায় সামান্য গর্ত করা আছে। নালার সমস্ত জল ওই গর্তে গিয়ে পড়ে। গর্ত বন্ধ হয়ে গেলে জল ছাপিয়ে রাস্তায় এসে জমে। তাঁর অভিযোগ, এর আগে পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েও লাভ হয়নি।
পঞ্চায়েত প্রধান নারায়ণ কর্মকার বলেন, আগের বোর্ডের সময় থেকেই এলাকার মানুষ সমস্যার কথা বলেছেন। ওখানে আগে নালার দরকার ছিল। আমরা কিছুদিন আগেই সেটা করে দিয়েছি। রাস্তার জন্য এখন পর্যাপ্ত টাকা নেই। পরবর্তীতে টাকা এলে নিশ্চয়ই রাস্তার ব্যবস্থা করব। আমরা পঞ্চায়েত সমিতিতে ওই রাস্তার কথা জানিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি রাস্তাটি তৈরি হয়ে যাবে। এত বড় রাস্তা নতুন করে তৈরি করতে কমপক্ষে ৮-১০ লক্ষ টাকা প্রয়োজন।