নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের তরুণ প্রজন্মের অনেকাংশই বিরূপ। ভোট চুরি ইস্যুতে জেন জি আন্দোলনে দিশাহারা বিজেপি। তাও জেন জি’র মন জয়ের মরিয়া চেষ্টায় মোদি সরকার। তারই লক্ষ্যে এবার আসন্ন ‘প্রবাসী ভারতীয় দিবসে’র শুভারম্ভই হবে তরুণ প্রজন্মদের নিয়ে। এমনটাই ঠিক করেছে বিদেশ মন্ত্রক। আগামী ৭-৯ জানুয়ারি কলকাতায় হবে এবারের প্রবাসী ভারতীয় দিবস। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। এবার ১৯ তম বর্ষ। বুধবার তারই ওয়েবসাইট সূচনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, তথ্য-সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ১৯১৫ সালের ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন মহাত্মা গান্ধী। সেইদিনকে স্মরণ করেই ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি শুরু করেছিলেন প্রবাসী ভারতীয় দিবস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং আমার নেতা নরেন্দ্র মোদিজি এবার এই সম্মেলনের জন্য কলকাতাকে বেছে নেওয়ায় কৃতজ্ঞ। তাই এমনভাবে সম্মেলন সম্পন্ন করার চেষ্টা করব, যাতে প্রবাসী ভারতীয়রা কলকাতায় এসে বলেন, এবারেরটাই সেরা প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। কলকাতায় গিয়ে কালীঘাট, দক্ষিণেশ্বর দেখারও অনুরোধ করব প্রবাসী ভারতীয়দের।’ পশ্চিমবঙ্গে প্রথমবার সরকারে এসেছে বিজেপি। তাই কেন্দ্র বেছে নিয়েছে কলকাতাকে। ‘আন্তর্জাতিক যোগ দিবসে’র পর এবার প্রবাসী ভারতীয় দিবস। যার প্রথমদিনের বিষয়ই হল, ইয়ুথ প্রবাসী ভারতীয় দিবস। সূচনা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সার্বিকভাবে সম্মেলনের থিম ‘রিটার্ন টু রুটস-রি ইগনাইটিং দ্য ডায়াস্পরা কানেক্ট উইথ ভারত।’ বিদেশে থাকা ভারতীয় তরুণদের ভারতের স্মৃতি মনে রেখে বিনিয়োগের চেষ্টা চলবে বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রক। দ্বিতীয়দিন (৮ জানুয়ারি) সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ জানুয়ারি সমাপ্তি ঘোষণা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে প্রবাসী ভারতীয় দিবসের ওয়েবসাইট (pbdindia.gov.in) সূচনা হল। বিদেশমন্ত্রী জয়শঙ্কর বললেন, কলকাতার একটা ইতিহাস আছে। ঐতিহ্য আছে। সাংস্কৃতিক হেরিটেজের শহর কলকাতা। যা বিশ্বের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারে। সেই কারণেই এবারের থিম রাখা হয়েছে ‘শিকড়ের টানে ফেরা-ভারতের সঙ্গে প্রবাসীদের সম্পর্কের পুনরুত্থান।’ আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সক্রিয় উদ্যোগে তা সফল হবে। তরুণদের যুক্ত করার উপর জোর দেওয়া হবে। ব্যবসা, শিক্ষা, বাণিজ্যর মতো নানাক্ষেত্রে বিনিয়োগের বিষয়েও আলোচনা হবে। প্রবাসী ভারতীয় দিবসকে আকর্ষণীয় করে তুলে শুরু করা হল, কুইজ। ‘ভারত কো জানিয়ে।’



