নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার প্রতীক বা এমব্লেমের সঙ্গে যুক্ত হল নয়া ‘প্রতিজ্ঞা’! পুরসভার প্রতীক ‘পুরশ্রী বিবর্ধন’-এর সঙ্গে এবার যুক্ত হল নতুন লাইন। লোগোর নীচে বাংলা এবং ইংরেজিতে লেখা হয়েছে, ‘পরিষেবায় দায়বদ্ধ’ ও ‘কমিটেড টু সার্ভ’। যদিও মূল লোগোটি বদল করা হয়নি। পুরসভার এমব্লেম দেওয়া যত লেটারহেড আছে, সেখানে প্রতীকের নীচে লেখা হচ্ছে এই দু’টি শব্দবন্ধ। লেটারহেডের একদম নীচেও যোগ করা হয়েছে নতুন লাইন। সেখানে লেখা, ‘আমাকেও হতে হবে শহরটির প্রতি বিশ্বস্ত এবং দায়বদ্ধ’। সেটিও বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা রয়েছে। সেই মতো পুরানো লেটারহেড বাতিল করে নতুন ছাপানো হয়েছে বলে খবর।
উল্লেখ্য, ১৯৬১ সালের ২২ ফেব্রুয়ারি কলকাতা পুরসভার ‘পুরশ্রী বিবর্ধন’ প্রতীক চালু হয়েছিল। তারপর থেকে সেটাই চলে আসছে। প্রতীকের তলায় বা সঙ্গে অন্য কোনো লাইন বা উক্তি লেখা হয়নি আগে। ওয়াকিবহাল মহল জানাচ্ছে, এখানে মূল প্রতীকের কোনো বদল করা হয়নি। কারণ, মূল প্রতীক বদল করতে গেলে তার জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের অনুমোদন প্রয়োজন। মেয়র পরিষদের অনুমতি, অধিবেশনে পাশ করানোসহ জটিল প্রক্রিয়া রয়েছে। এক্ষেত্রে এমব্লেমের সঙ্গে নতুন করে দু’টি লাইন যুক্ত করা হয়েছে। পুরসভার সমস্ত নতুন লেটারহেড এই দু’টি লাইন রেখেই ছাপানো হচ্ছে। আধিকারিকদের একাংশ অবশ্য বলছে, ‘পুরশ্রী বিবর্ধন’ কথার মধ্যেই নগর এবং নগরবাসীর উন্নয়নের কথা বলা থাকলেও পুরসভার প্রশাসকের ইচ্ছায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রতীক।