সংবাদদাতা, ঘাটাল: ‘অবিলম্বে বন্ধ হোক চোলাই মদ।’ সোমবার দাসপুর থানার সুন্দরপুরে চোলাইয়ের ভাটিতে হাতেলেখা পোস্টার দিয়ে হুঁশিয়ারি দিল প্রমিলা বাহিনী। প্রমিলা বাহিনীর এই অভিনব আন্দোলনকে স্বাগত জানিয়েছেন ওই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। তাঁরা বলেন, মহিলাদের এই আন্দোলনে আমরাও পাশে রয়েছি। আবগারি দপ্তরের ঘাটাল রেঞ্জের ডেপুটি কালেক্টর আশিসকুমার নন্দগোস্বামী বলেন, মহিলাদের এদিনের আন্দোলনের বিষয়টি শুনেছি। আমরা ওই এলাকা থেকে চোলাই মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবিতে অভিযান চালিয়েছিলাম। শীঘ্রই আবারও চালানো হবে।
দাসপুর-মেদিনীপুর রাস্তার পাশে রয়েছে সুন্দরপুর গ্রাম। রাস্তার পাশেই জনবহুল এলাকা, খেলার মাঠ ও ঘন জনবসতি। এই পরিবেশের মধ্যেই এলাকার কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ডেবরা থানার বিভিন্ন এলাকা থেকেও চোলাই মদ কিনে নিয়ে এসে এখানে বিক্রি করা হয় বলে গ্রামবাসীরা জানান।
সুন্দরপুরের বাসিন্দা সুমিত সামন্ত, অমর পাঠক, সদানন্দ চট্টোপাধ্যায় বলেন, হাতের কাছে কম দামে চোলাই মদ পেয়ে যাওয়ায় গ্রামের অল্পবয়সিরা দ্রুত নেশায় আসক্ত হচ্ছেন। অনেকে যা রোজগার করে আনছেন, তা দিয়ে চোলাই কিনে সর্বস্বান্ত হচ্ছেন। এর ফলে পরিবারে নিত্য অশান্তি, গৃহবধূদের উপর মারধর ও অত্যাচারের ঘটনা বাড়ছে। বাড়িতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। খেলার মাঠের সামনেই চোলাই মদের আড্ডা চলায় শিশু, কিশোর, যুবক-যুবতীরা মাঠে ঠিকমতো খেলাধুলো করতে পারছে না। তাদের উদ্দেশে অশালীন মন্তব্য করা হয় বলেও অভিযোগ ওঠে।
ধারাবাহিক এই ঘটনার প্রতিবাদে অবশেষে গ্রামের মহিলারা রুখে দাঁড়ালেন। এলাকায় চোলাই মদের রমরমা কারবার বন্ধ করতে এবার সরাসরি কারবারিদের বাড়ির দেওয়ালে, ভাটিতে পোস্টার সাঁটিয়ে সর্তক করল গ্রামের ‘প্রমিলা বাহিনী’। এদিন সকালে পাপিয়া সামন্ত, প্রতিমা চট্টোপাধ্যায়, গ্রামপঞ্চায়েত সদস্য পুতুল সিং সহ গ্রামের বেশ কয়েকজন মহিলা দলবেঁধে চোলাই ভাটিতে যান। সেখানে তাঁরা হাতেলেখা পোস্টার সাঁটিয়ে দিয়ে আসেন। এক সপ্তাহের মধ্যে চোলাই বিক্রি ও তৈরি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া সেই পোস্টার গ্রামের বিভিন্ন জায়গাতেও সাঁটিয়ে দেওয়া হয়।
পাপিয়াদেবী জানান, পুজোর সময় চোলাই কারবারিদের সতর্ক করে দেওয়া হয়েছিল। এমনকী, আবগারি দপ্তরেও এই বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। চোলাই কারবারিরা নিজেদের কাজ বন্ধ করেনি। তাই আর অপেক্ষা না করে এদিন সকালে গ্রামের মহিলারা জোটবদ্ধ হয়ে ‘প্রমিলা বাহিনী’ গঠন করে চোলাই মদের ভাটি এবং কারবারিদের বাড়িতে পোস্টার সাঁটিয়ে দেন। এলাকায় শান্তি ফেরাতে তাঁদের এই কঠোর পদক্ষেপকে গ্রামবাসীরা সমর্থন জানিয়েছেন।-নিজস্ব চিত্র