Bartaman Logo
১০ জুন, ২০২৬

মহিলাকে দিনের পর দিন আটকে ধর্ষণ প্রজ্জ্বলের, চার্জশিট পেশ পুলিসের

মহিলাকে দিনের পর দিন আটকে ধর্ষণ প্রজ্জ্বলের, চার্জশিট পেশ পুলিসের
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলার মধ্যে একটিতে চার্জশিট পেশ করল পুলিস। সেখানে বলা হয়েছে, দিনের পর দিন নিজের ফার্মহাউসের এক মহিলা কর্মীকে আটকে রেখে টানা ধর্ষণ করেছেন প্রজ্জ্বল। শুধু তাই নয়। সেই অত্যাচারের ভিডিও রেকর্ড করে নির্যাতিতাকে লাগাতার ব্ল্যাকমেলও করা হতো। 

Advertisement

নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছেন, কোভিড লকডাউনের সময় প্রজ্জ্বল তাঁকে নানা সময় নানা জায়গায় ডেকে ধর্ষণ করেছেন। প্রতিবারই নির্যাতনের ভিডিও করে রাখতেন অভিযুক্ত। বেঙ্গালুরুর হোসেইনপুরায় রেভান্না পরিবারের যে গন্নিকাড়া ফার্মহাউস রয়েছে সেখানেও একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে ওই মহিলার দাবি। চার্জশিটে বলা হয়েছে, প্রথমে ভয়ে নীরব ছিলেন ওই মহিলা। কিন্তু শেষপর্যন্ত অত্যাচার বরদাস্ত করতে না পেরে পুলিসের দ্বারস্থ হন তিনি। 
জানা গিয়েছে, এই মামলাতে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েক ধারায় প্রজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও মহিলাকে জোর করে আটকে রাখার অভিযোগেও একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। 
উল্লেখ্য, এই ঘটনা মিলিয়ে গত বছরের ২৮ এপ্রিল থেকে ১০ জুনের মধ্যে প্রাক্তন সাংসদ প্রজ্জ্বলের বিরুদ্ধে হোসেইনপুর থানায় চারটি এফআইআর দায়ের হয়। এছাড়া বেঙ্গালুরু থানায় সাইবার অপরাধের মামলাতেও অভিযোগ দায়ের হয়। অন্যদিকে এই অপকর্মে মদত দেওয়ার অভিযোগে প্রজ্জ্বলের বাবার বিরদ্ধেও পৃথক মামলা দায়ের হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ